• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

‘বিদ্যুৎকেন্দ্রে হামলা হলে ৩০ মিনিটেই অন্ধকারে ডুববে পুরো মধ্যপ্রাচ্য’


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৩ মার্চ ২০২৬, ১০:০২
ছবির ক্যাপশন: ad728

আন্তর্জাতিক ডেস্ক :
ইরানের বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে কোনো হামলা চালানো হলে মাত্র ৩০ মিনিটের মধ্যে পুরো মধ্যপ্রাচ্যকে অন্ধকারে ডুবিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (SNSC) সেক্রেটারি আলী লারিজানি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক এক মন্তব্যের জবাবে এই কড়া বার্তা দেন।

সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জ্বালানি ও বিদ্যুৎ খাতের সক্ষমতা নিয়ে আক্রমণাত্মক মন্তব্য করেন। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র চাইলে মাত্র এক ঘণ্টার মধ্যে ইরানের পুরো বিদ্যুৎ ব্যবস্থা ধ্বংস করে দিতে পারে। ট্রাম্প আরও বলেন, “সেই ধ্বংসযজ্ঞ কাটিয়ে পুনর্গঠন করতে ইরানের অন্তত ২৫ বছর সময় লাগবে। তবে আমরা এখনই সেটা করতে চাচ্ছি না।”

ট্রাম্পের এই দম্ভোক্তির জবাবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) একটি পোস্ট করেন আলী লারিজানি। সেখানে তিনি সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, “যদি তারা (যুক্তরাষ্ট্র) ইরানের গ্রিডে আঘাত করার দুঃসাহস দেখায়, তবে আধা ঘণ্টারও কম সময়ে পুরো অঞ্চল অন্ধকারে ডুবে যাবে।”

তিনি আরও সতর্ক করে বলেন, এই অন্ধকারের সুযোগ নেবে ইরান। লারিজানির ভাষায়, “অন্ধকার এমন এক পরিস্থিতি তৈরি করবে, যখন নিরাপদ আশ্রয়ের খোঁজে থাকা মার্কিন সেনাদের শিকার করার যথেষ্ট সুযোগ আমাদের হাতে আসবে।”

গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ‘অপারেশন এপিক ফিউরি’ এবং ইরানের পাল্টা হামলার ফলে মধ্যপ্রাচ্যে এখন চরম অস্থিরতা বিরাজ করছে। ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তার এই মন্তব্য ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার সংঘাতকে নতুন এক মনস্তাত্ত্বিক যুদ্ধের দিকে ঠেলে দিল বলে মনে করছেন বিশ্লেষকরা।

সূত্র: সিএনএন ও আলজাজিরা।