• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে চোরাই মালামাল কেনাবেচা থেকে বিরত থাকার আহ্বান ওসির


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬, ০১:১১
ছবির ক্যাপশন:

যশোর প্রতিনিধি:
যশোরে সম্প্রতি বহুগুণে বৃদ্ধি পাওয়া এয়ার কন্ডিশনারের (এসি) তামার তারসহ বিভিন্ন মূল্যবান সরঞ্জাম চুরি রোধে স্থানীয় ভাঙাড়ি ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছে পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে যশোর কোতোয়ালি মডেল থানার সেমিনার কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রাজ্জাক। সভায় তিনি ব্যবসায়ী নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, সম্প্রতি শহর ও আশপাশের এলাকায় এসির তামার তার ও দামি সরঞ্জাম চুরির ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। সংঘবদ্ধ চোর চক্র এসব চোরাই মালামাল সাধারণত বিভিন্ন ভাঙাড়ির দোকানেই বিক্রি করে থাকে। ভাঙাড়ি ব্যবসায়ীরা যদি সচেতন হয়ে এসব অবৈধ মালামাল কেনাবেচা থেকে সম্পূর্ণ বিরত থাকেন, তবে চুরিসহ অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড অনেকাংশে কমে আসবে।

ওসি আরও জোর দিয়ে বলেন, "যদি কেউ সন্দেহজনক কোনো মালামাল বা চোরাই তার বিক্রি করতে আসে, তবে তাকে প্রশ্রয় না দিয়ে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিন। তথ্য পাওয়ার পরপরই পুলিশ সেখানে উপস্থিত হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।" এই গুরুত্বপূর্ণ বার্তাটি যশোর অঞ্চলের প্রত্যেক ভাঙারি ব্যবসায়ীর কাছে পৌঁছে দেওয়ার জন্য সমিতির নেতৃবৃন্দের প্রতি বিশেষভাবে আহ্বান জানান তিনি।

সভায় ভাঙারি ব্যবসায়ী সমিতির নেতারা পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং অপরাধ নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পূর্ণ সহযোগিতার প্রতিশ্রুতি দেন। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে ভাঙারি ব্যবসায়ী সমিতির সভাপতি কিবরিয়া ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবীবসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।