যশোর সিটি কলেজে ছাত্রদল নেতা ফয়সালের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৩৮
স্টাফ রিপোর্টার :
যশোর সরকারি সিটি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফয়সাল হাসানের ওপর হামলার প্রতিবাদ এবং জড়িত অভিযুক্তকে অনতিবিলম্বে গ্রেপ্তারের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্রদল।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) দুপুর ১২টা ২০ মিনিট থেকে ১২টা ৩০ মিনিট পর্যন্ত কলেজ ক্যাম্পাসে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে ছাত্রদলের দুই শতাধিক নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থী অংশ নেন।
যশোর জেলা ছাত্রদলের সদস্যসচিব শাহ নেওয়াজ ইমরানের নেতৃত্বে আয়োজিত এই বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন যশোর সরকারি সিটি কলেজের অধ্যক্ষ মোসাম্মৎ রেহানা পারভিন, শিক্ষক পরিষদের সম্পাদক জয়নাল আবেদিন, কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সোহানুর রহমান সোহান, সিনিয়র সহসভাপতি রাকিবুল হাসান তন্ময় এবং সহসভাপতি মিনহাজুল আবেদিনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিল থেকে ছাত্রদল নেতা ফয়সাল হাসানের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত, অপরাধীকে দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানানো হয়। সেই সঙ্গে কলেজ ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান বিক্ষোভকারীরা।
কর্মসূচি শেষে শাহ নেওয়াজ ইমরানের নেতৃত্বে মিছিলটি কলেজ ক্যাম্পাস ছেড়ে শহরের মনিহার মোড়ের দিকে যায়। খবর পেয়ে কলেজের অধ্যক্ষ মোসাম্মৎ রেহানা পারভিন সেখানে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের বুঝিয়ে অত্যন্ত শান্তিপূর্ণভাবে কলেজে ফিরিয়ে নিয়ে আসেন। উদ্ভূত পরিস্থিতিতে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, গত বুধবার (১৪ অক্টোবর) দুপুর আনুমানিক ২টার দিকে যশোর সরকারি সিটি কলেজের মূল ফটকে ফয়সাল হাসানকে লক্ষ্য করে ছুরিকাঘাত করা হয়। অভিযোগ অনুযায়ী, কলেজের ছাত্রীদের সঙ্গে কথা বলাকে কেন্দ্র করে বিরোধের জেরে অংকন (২৪) নামে এক যুবক তাঁকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। অভিযুক্ত অংকন যশোর শিক্ষাবোর্ড স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে।
আপনার মতামত লিখুন :