• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে হেরোইনের মামলায় দুই মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদন্ড


FavIcon
Swapnobhumi
নিউজ প্রকাশের তারিখ : ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৫:৫১
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার, যশোর:
হেরোইনের মামলায় বেনাপোলের দুই মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও অর্থদন্ডের আদেশ দিয়েছে যশোরের একটি আদালত। দন্ডপ্রাপ্তরা হলো, বেনাপোল পোর্ট থানার ঘিবা গ্রামের ইয়াকুব আলী সরদারের ছেলে শুকুর আলী ও মৃত নইমুদ্দিন বিশ্বাসের ছেলে জামাল বিশ্বাস। 
বুধবার বিশেষ দায়রা জজ ও বিশেষ জজ (জেলা ও দায়রা) জজ এসএম নূরুল ইসলাম এক রায়ে এ সাজা দিয়েছেন। সাজাপ্রাপ্ত দুজনই কারাগারে আটক আছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশেষ পিপি অ্যাডভোকেট আনিছুর রহমান পলাশ। 
মামলার অভিযোগে জানা গেছে, ২০১৭ সালের ১৩ মে শার্শা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে শার্শা বাজারস্থ যাত্রী ছাউনির সামনে দুজন মাদক ব্যবসায়ী অবস্থান করছে। শার্শা থানার তৎকালিন এসআই মুরাদ হোসেনের নেতৃত্বে একটি দল তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছালে একজন ব্যাগ ফেলে পালিয়ে যায় এবং অপরজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ। আটক শুকুর আলীর ব্যাগ তল্লাশি করে ৩০০ গ্রাম হেরোইন ও পালিয়ে যাওয়া জামাল বিশ্বাসের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় এসআই মুরাদ হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শুকুর আলীকে শার্শা থানায় সোপর্দ করেন।
এ মামলা তদন্ত শেষে ঘটনার সাথে জড়িত থাকায় এজাহারনামীয় দুই আসামিকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট  জমা দেন তদন্তকারী কর্মকর্তা এসআই শেখ সুজাত আলী। দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে আসামী শুকুর আলী ও জামাল বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাদের প্রত্যেককে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড, ৫ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে প্রত্যেককে ৬ মাস করে বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন।