মিত্রদের জন্য খুলল হরমুজ: তালিকায় বাংলাদেশসহ ৬ দেশ
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২৬ মার্চ ২০২৬, ১১:৫২
আন্তর্জাতিক ডেস্ক :
মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান তীব্র সংঘাতের মধ্যেই কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালি’ দিয়ে বাংলাদেশসহ ছয়টি দেশের বাণিজ্যিক জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য নিশ্চিত করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
তেহরান জানিয়েছে, হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ করা হয়নি, বরং সেখানে জাহাজ চলাচল ‘নিয়ন্ত্রণ’ করা হচ্ছে। আরাগচি বলেন, “চীন, রাশিয়া, পাকিস্তান, ইরাক, ভারত এবং বাংলাদেশের মতো মিত্র রাষ্ট্রগুলো আমাদের সঙ্গে সমন্বয় করেছে। ইতোমধ্যে ভারতের দুটি জাহাজ এই পথ অতিক্রম করেছে এবং ভবিষ্যতে বাংলাদেশের জাহাজ চলাচলেও কোনো বাধা থাকবে না।”
গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালিতে অবরোধ জারি করে ইরান। তবে তেহরান স্পষ্ট করেছে যে, এই কঠোরতা শুধুমাত্র ‘শত্রুভাবাপন্ন’ দেশগুলোর জন্য। ‘অশত্রু’ বা ‘মিত্র’ দেশগুলোর জাহাজ চলাচলের ক্ষেত্রে প্রধান শর্ত হলো— প্রবেশের আগে অবশ্যই ইরানের সামুদ্রিক জাহাজ চলাচল কর্তৃপক্ষের কাছ থেকে বিশেষ অনুমতি নিতে হবে।
এদিকে, হরমুজ প্রণালি ব্যবহারকারী বিদেশি জাহাজগুলোর ওপর নতুন করে ‘টোল’ বা মাশুল আরোপের পরিকল্পনা করছে ইরান। দেশটির সংবাদ সংস্থা ফার্স নিউজ জানিয়েছে, ইরানি পার্লামেন্টে এ সংক্রান্ত একটি আইনের খসড়া তৈরির কাজ শুরু হয়েছে। আইনটি পাস হলে, এই জলপথ ব্যবহারকারী প্রতিটি বাণিজ্যিক জাহাজকে ইরানকে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করতে হবে।
বিশ্বের মোট জ্বালানি বাণিজ্যের প্রায় এক-পঞ্চমাংশ (২০ শতাংশ) এই হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। দীর্ঘস্থায়ী অবরোধের ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম হু হু করে বাড়লেও, মিত্র দেশগুলোর জন্য পথ উন্মুক্ত করায় সরবরাহ ব্যবস্থায় কিছুটা স্বস্তি ফিরবে বলে আশা করা হচ্ছে।
সূত্র: ফার্স নিউজ ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যম।
আপনার মতামত লিখুন :