নির্বাচনের মাধ্যমে পুলিশ হারানো আত্মমর্যাদা ফিরে পেয়েছে: শফিকুল আলম
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩:২৩
স্বপ্নভূমি ডেস্ক :
সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পেশাদারিত্বের প্রশংসা করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, "এই নির্বাচনের মাধ্যমে পুলিশ তার হারিয়ে যাওয়া আত্মমর্যাদা পুনরায় ফিরে পেয়েছে।"
রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি সরকারের এই অবস্থানের কথা জানান। এদিন অনুষ্ঠিত মন্ত্রিসভার (ক্যাবিনেট) বৈঠকের আলোচনার সূত্র ধরে তিনি এ মন্তব্য করেন।
২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে পুলিশের বিতর্কিত ভূমিকার কথা স্মরণ করিয়ে দিয়ে শফিকুল আলম বলেন, "আপনারা জানেন সেই সময় পুলিশের রোল কী ছিল। অনেকের ধারণা ছিল পুলিশের কনফিডেন্স (মনোবল) খুব লো, তাদের দিয়ে আদেও ভালো নির্বাচন সম্ভব কি না। কিন্তু আপনারা দেখেছেন, এবারের নির্বাচনে তারা যথেষ্ট উজ্জ্বল ভূমিকা পালন করেছে এবং পেশাদারিত্বের পরিচয় দিয়েছে।"
প্রেস সচিব জানান, নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিতে এবারই প্রথম বড় পরিসরে ‘বডি ওর্ন ক্যামেরা’ (শরীরে পরিহিত ক্যামেরা) ব্যবহার করা হয়েছে। প্রধান উপদেষ্টা নিজে পুলিশ হেডকোয়ার্টারে বসে প্রায় দেড় ঘণ্টা মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন এবং সরাসরি ১৭টি কেন্দ্রের দায়িত্বশীলদের সাথে কথা বলেছেন।
শফিকুল আলম আরও বলেন, "নির্বাচন পরিচালনায় ‘সুরক্ষা অ্যাপ’ সমন্বয় সাধনে দারুণ কাজ দিয়েছে। এছাড়া সিসিটিভি ক্যামেরার ব্যবহারও অত্যন্ত সহায়ক ছিল। ক্যাবিনেট আশা করছে, ভবিষ্যতে প্রযুক্তির এই বিস্তৃতি আরও ভালো ফলাফল বয়ে আনবে।"
নির্বাচনী সহিংসতা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার বরাত দিয়ে প্রেস সচিব জানান, নির্বাচনের পর চারজনের মৃত্যুর খবর পাওয়া গেলেও যাচাই-বাছাই শেষে দেখা গেছে নির্বাচনী সহিংসতায় প্রকৃতপক্ষে একজন মারা গেছেন। তবে নোয়াখালীর হাতিয়ায় এক তরুণীর মৃত্যুর ঘটনায় সরকার অত্যন্ত গুরুত্ব দিচ্ছে। শফিকুল আলম বলেন, "হাতিয়ার ঘটনার বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে দেখা হবে।"
সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ এবং সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :