• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

চৌগাছায় সরকারি-বেসরকারি সমন্বয়ে পাচারের শিকার ব্যক্তিদের পুনর্বাসনের উদ্যোগ


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬, ১৫:৩১
ছবির ক্যাপশন: ad728

চৌগাছা (যশোর) প্রতিনিধি:
মানব পাচার থেকে উদ্ধারপ্রাপ্ত নারী-পুরুষ, শিশু, প্রতিবন্ধী ব্যক্তি এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য সমন্বিত ও কার্যকর সেবা নিশ্চিত করার লক্ষ্যে যশোরের চৌগাছায় এক বিশেষ অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। উইনরক ইন্টারন্যাশনালের সহায়তায় পরিচালিত ‘আশ্বাস’ প্রকল্পের উদ্যোগে উপজেলা পর্যায়ে একটি শক্তিশালী ‘রেফারেল নেটওয়ার্ক’ স্থাপনের লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়।

মঙ্গলবার (১৬ জুন) সকালে চৌগাছা উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ইসলাম।:

সভায় বক্তারা বলেন, মানব পাচারের শিকার ব্যক্তিদের পুনর্বাসন, মর্যাদা পুনরুদ্ধার এবং প্রয়োজনীয় আইনি ও সামাজিক সেবা প্রাপ্তি নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বিত উদ্যোগ অপরিহার্য। এ লক্ষ্যে একটি কার্যকর রেফারেল নেটওয়ার্ক গড়ে তোলা হলে সেবাগ্রহীতারা অত্যন্ত দ্রুত ও মানসম্মত সেবা পাবেন।

অনুষ্ঠানের শুরুতে পরিচিতি পর্ব ও সভার মূল উদ্দেশ্য তুলে ধরেন কৃষ্ণ সাহা। উদ্বোধনী বক্তব্যে আশ্বাস প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক এস. এম. আজহারুল ইসলাম প্রকল্পের লক্ষ্য, চলমান কার্যক্রম এবং উদ্ধারকৃতদের জন্য রেফারেল নেটওয়ার্কের প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন।

সভায় জানানো হয়, সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে ও উইনরক ইন্টারন্যাশনালের সহায়তায় পরিচালিত ‘আশ্বাস’ প্রকল্প বর্তমানে যশোর, খুলনা, সাতক্ষীরা, ঝিনাইদহ, ফরিদপুর, শরীয়তপুর, মানিকগঞ্জ, ঢাকা, নরসিংদী ও কক্সবাজারসহ দেশের ১০টি জেলায় সফলভাবে কার্যক্রম পরিচালনা করছে। প্রকল্পটি মানব পাচার থেকে উদ্ধারপ্রাপ্ত নারী ও পুরুষদের জন্য সরকারি-বেসরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের সমন্বয়ের মাধ্যমে একটি টেকসই সামাজিক ও অর্থনৈতিক সুরক্ষা কাঠামো গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস. এম. বজলুল রশীদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এ. জেড. এম. ওবায়দুল্লাহ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেজবাহ উদ্দীন, উপজেলা আইসিটি কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল হক এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কে. এম. জিয়াউল্লাহ।

উন্মুক্ত আলোচনা পর্বে অংশ নেন প্রেসক্লাব চৌগাছার যুগ্ম সম্পাদক এম এ রহিম এবং সাংবাদিক এম এ মান্নান। এছাড়া সভায় অন্যান্যের মধ্যে আশরাফ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এম. রাসেল আশরাফ, সৃজনী বাংলাদেশের প্রতিনিধি রফিকুল ইসলাম, রূপান্তরের প্রতিনিধি উজ্জ্বল পাল ও শাহাজ্জেল হোসেন, সারভাইভার প্রতিনিধি মিনা খাতুন এবং রাইটস যশোরের প্রতিনিধি বজলুল রহমান উপস্থিত ছিলেন।

সভা শেষে অংশগ্রহণকারী সকল সরকারি ও বেসরকারি প্রতিনিধিরা উপজেলা পর্যায়ে একটি শক্তিশালী রেফারেল ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে একমত পোষণ করেন এবং এই সমন্বিত উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।