জ্বালানি তেলের সংকট নেই, দাম বাড়ছে না আপাতত: প্রতিমন্ত্রী
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১০ মার্চ ২০২৬, ০৮:০৯
স্টাফ রিপোর্টার :
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই এবং এই মুহূর্তে দাম বাড়ানোর কোনো পরিকল্পনাও সরকারের নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। আজ মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে সচিবালয়ে দেশের জ্বালানি পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সাম্প্রতিক সময়ে পেট্রোল পাম্পগুলোতে সাধারণ মানুষের দীর্ঘ লাইন এবং জ্বালানি ফুরিয়ে যাওয়ার যে আতঙ্ক ছড়িয়েছে, তাকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, পেট্রোল ও অকটেনের কোনো ঘাটতি দেশে নেই। পেট্রোলের প্রায় পুরোটাই দেশে পরিশোধিত হয় এবং অকটেনের সিংহভাগও স্থানীয়ভাবে সরবরাহ করা সম্ভব হচ্ছে। পাম্পগুলোতে মূলত মোটরসাইকেল ও ব্যক্তিগত যানবাহনের যে ভিড় দেখা যাচ্ছে, তা মানুষের অহেতুক উদ্বেগ ও দাম বাড়ার আশঙ্কা থেকে তৈরি হয়েছে। তিনি স্পষ্ট করেন যে, ডিজেল ও ফার্নেস অয়েলের ক্ষেত্রে আমদানির ওপর নির্ভরতা থাকলেও সরবরাহ ব্যবস্থা সচল রাখতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। কোনো পাম্পেই জ্বালানি সরবরাহ বন্ধ হয়নি, হয়তো ভিড়ের কারণে কোথাও কিছুটা অপেক্ষা করতে হচ্ছে।
জ্বালানি আমদানির হালনাগাদ তথ্য জানিয়ে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, গতকালই প্রায় ৩০ হাজার টন জ্বালানি নিয়ে দুটি জাহাজের একটি বন্দরে পৌঁছেছে এবং অন্যটি বহির্নোঙরে অবস্থান করছে। আজ দুপুরের মধ্যেই তেল খালাস শুরু হওয়ার কথা রয়েছে। এছাড়া আগামী ১২ মার্চ আরও একটি জাহাজ দেশে পৌঁছাবে। পাশাপাশি ভারতের সঙ্গে পাইপলাইন চুক্তির আওতায় প্রতি মাসে গড়ে ১৫ হাজার টন জ্বালানি আসার যে চুক্তি রয়েছে, তার সরবরাহও বর্তমানে স্বাভাবিক ও ধারাবাহিক রয়েছে।
আসন্ন রমজান ও ঈদকে কেন্দ্র করে দেশবাসীকে আশ্বস্ত করে প্রতিমন্ত্রী আরও জানান, অতীতেও জ্বালানি নিয়ে বড় কোনো সংকট ছিল না এবং ভবিষ্যতেও হবে না। উৎসবের সময়গুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি নিশ্চিত করতে মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। সাধারণ মানুষকে গুজবে কান না দিয়ে স্বাভাবিকভাবে জ্বালানি সংগ্রহের আহ্বান জানান তিনি।
আপনার মতামত লিখুন :