স্টাফ রিপোর্টার :
ভদ্রা নদীর খর্নিয়ার ভাটিতে উচ্চ ক্ষমতাসম্পন্ন ড্রেজার দিয়ে পলি খনন, কৃষি মৌসুমে ন্যায্যমূল্যে সার ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ এবং মার্কিন বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে যশোরের জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি।
সোমবার (৩১ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় সংগঠনটির জেলা কমিটির সহ-সভাপতি আবুল কাসেম মুন্সি ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের হাতে এই স্মারকলিপি তুলে দেন। জেলা প্রশাসক স্মারকলিপি গ্রহণ করে বিষয়গুলোর গুরুত্ব বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
স্মারকলিপিতে জানানো হয়, যশোরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অপরিকল্পিত নদী খনন এবং ক্রস বাঁধ দেওয়ার কারণে ভদ্রা, শ্রী ও হরি নদীর তলদেশ ভরাট হয়ে গেছে। এতে পানি নিষ্কাশন বন্ধ হয়ে কৃত্রিম জলাবদ্ধতা তৈরি হওয়ায় সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। পরিস্থিতি মোকাবিলায় বিলের নিচু ভূমি ভরাট ও টেকসই নদী নাব্যতার জন্য অবাধ জোয়ার-ভাটা (টিআরএম) চালুর পাশাপাশি বিআইডব্লিউটিএ-এর শক্তিশালী ড্রেজার দিয়ে পলি সরানোর দ্রুত ও স্থায়ী পদক্ষেপের দাবি জানান নেতৃবৃন্দ।
এ ছাড়া কৃষি মৌসুমে সার ও বিদ্যুৎ সংকটের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে কৃষক নেতারা বলেন, সরকারি ডিলারদের কাছে পর্যাপ্ত সার না পাওয়ায় কৃষকদের খোলা বাজার থেকে চড়া দামে সার কিনতে হচ্ছে। একই সঙ্গে নিরবচ্ছিন্ন বিদ্যুতের অভাবে সেচ কার্যক্রম ও কৃষি উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
স্মারকলিপি প্রদানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষক সংগ্রাম সমিতি জেলা শাখার যুগ্ম-সম্পাদক কামরুল হক লিকু, মনিরামপুর থানা কমিটির সাধারণ সম্পাদক আশীষ গাইন, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট যশোরের সভাপতি আশুতোষ বিশ্বাস এবং জাতীয় ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মধুমঙ্গল বিশ্বাস।
আপনার মতামত লিখুন :