সেনাবাহিনীতে চাকরির নামে টাকা আত্মসাৎ: ভুয়া ‘সৈনিক’ সুজনের বিরুদ্ধে আদালতে মামলা
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬, ১৪:২২
নিজস্ব প্রতিবেদক
সেনাবাহিনীতে কম্পিউটার অপারেটর পদে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ৪ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে জনৈক সুজন হোসেনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। সোমবার (০৪ মে, ২০২৬) যশোর সদরের জগন্নাথপুর গ্রামের সবিতা দাস বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন।
আদালতের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম অভিযোগটি আমলে নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ঘটনাটি তদন্ত করে দ্রুত প্রতিবেদন জমা দেওয়ার আদেশ দেন আদালত। অভিযুক্ত সুজন হোসেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার খদ্দ বনগ্রামের ওয়াজেদ শেখের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১১ মে ২০২৫ তারিখে বাদী সবিতা দাস ফরিদপুর থেকে ট্রেনে যশোর আসছিলেন। পথিমধ্যে পাশের সিটের যাত্রী সুজনের সাথে তার পরিচয় হয়। সুজন নিজেকে সেনাবাহিনীর একজন সদস্য হিসেবে পরিচয় দেন এবং বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য নিজেকে সেনাবাহিনীতে কম্পিউটার অপারেটর পদে নিয়োগ দেওয়ার ক্ষমতা রাখেন বলে দাবি করেন।
সবিতা দাস তার ছেলের চাকরির জন্য সুজনের কাছে অনুরোধ করলে সুজন ৫ লাখ টাকা দাবি করেন। সেদিনই সুজন তার সাথে সিঙ্গিয়া রেল স্টেশনে নেমে বাড়িতে যান এবং নগদ ৫০ হাজার টাকা গ্রহণ করেন। পরবর্তীতে ১৪ মে থেকে ১৯ মে তারিখের মধ্যে বিভিন্ন দফায় বিকাশের মাধ্যমে আরও ৪ লাখ টাকা হাতিয়ে নেন অভিযুক্ত সুজন।
টাকা নেওয়ার পর দীর্ঘ সময় অতিবাহিত হলেও সবিতার ছেলের চাকরির কোনো ব্যবস্থা হয়নি। পরবর্তীতে টাকা ফেরত চাইলে সুজন টালবাহানা শুরু করেন এবং একপর্যায়ে টাকা ফেরত দিতে অস্বীকার করেন। কোনো উপায় না দেখে অবশেষে ন্যায়বিচারের আশায় আদালতের দ্বারস্থ হন ভুক্তভোগী সবিতা দাস।
বর্তমানে পুলিশ মামলাটি তদন্ত করছে এবং অভিযুক্তকে আইনের আওতায় আনার প্রক্রিয়া শুরু হয়েছে।
আপনার মতামত লিখুন :