বেনাপোলে বিদেশি পিস্তল-গুলিসহ যুবক গ্রেপ্তার
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ১০ অগাস্ট ২০২৬, ০৫:২৯
নিজস্ব প্রতিবেদক :
যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৪ রাউন্ড তাজা গুলিসহ মো. মফিজুর রহমান (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে আগে আরও চারটি মামলা রয়েছে।
রোববার (৯ আগস্ট) রাত ৮টা ২০ মিনিটের দিকে বেনাপোল পোর্ট থানাধীন দিঘীরপাড় গ্রামের মেসার্স শাহ জালাল ফিলিং স্টেশনের সামনে বেনাপোল-যশোর মহাসড়কের দক্ষিণ পাশে এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, যশোরের পুলিশ সুপারের নির্দেশনায় এবং বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ আশরাফ হোসেনের দিকনির্দেশনায় এএসআই (নিঃ) সুজাউদ্দৌলাহ সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় জনৈক কবির হোসেনের হার্ডওয়্যার দোকানের সামনে থেকে মফিজুর রহমানকে আটক করা হয়।
পরে তার হেফাজতে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৪ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
গ্রেপ্তার মফিজুর রহমান বেনাপোল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাগজপুকুর দক্ষিণপাড়ার বাসিন্দা। তার পিতার নাম আলমগীর হোসেন।
পুলিশ জানিয়েছে, উদ্ধার করা অস্ত্র ও গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
আপনার মতামত লিখুন :