যশোরে শিক্ষার্থী শিপ্রার রহস্যজনক মৃত্যু: সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০০:৫২
স্টাফ রিপোর্টার :
যশোরে আলোচিত শিক্ষার্থী শিপ্রার রহস্যজনক মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত, দ্রুত বিচার এবং প্রধান অভিযুক্ত অপার গোবিন্দ দাসের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে যশোর প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে চাঁচড়া ভাতুড়িয়া হাই স্কুল ও চাঁচড়া স্কুল অ্যান্ড কলেজের অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
মানববন্ধনকালে শিক্ষার্থীরা শিপ্রার মৃত্যুর পেছনে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। সহপাঠীরা বিভিন্ন স্লোগান দিয়ে ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানান।
সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে শিক্ষার্থীরা বলেন, "শিপ্রার মৃত্যুর ঘটনার মূল হোতা অপার গোবিন্দ দাস। তাকে দ্রুত আইনের আওতায় এনে নিবিড় জিজ্ঞাসাবাদ করলেই এই হত্যাকাণ্ডের আসল রহস্য উন্মোচিত হবে।"
শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো ধরনের প্রভাবশালী হস্তক্ষেপ বা আইনি দীর্ঘসূত্রতা ছাড়াই মামলার বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে। তদন্তে অপরাধ প্রমাণিত হলে অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি হিসেবে ফাঁসি নিশ্চিত করার জন্য জোর দাবি জানান তারা।
উল্লেখ্য, চাঁচড়া ভাতুড়িয়া হাই স্কুলের মেধাবী শিক্ষার্থী শিপ্রার রহস্যজনক মৃত্যুকে ঘিরে ইতিপূর্বে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার পর থেকেই শিপ্রার পরিবার ও সহপাঠীরা বিষয়টিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে অভিযোগ করে আসছে। এ ঘটনার বিচার ও দোষীদের শাস্তির দাবিতে তারা ধারাবাহিকভাবে আন্দোলন ও বিভিন্ন কর্মসূচি পালন করে চলেছে। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে বর্তমানে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
আপনার মতামত লিখুন :