• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

পাকিস্তানকে উড়িয়ে দিল বাংলাদেশ!


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬, ৬:১৫
ছবির ক্যাপশন: ad728

ক্রীড়া প্রতিবেদক
মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ইতিহাস গড়লো বাংলাদেশ। ডানহাতি পেসার নাহিদ রানার বিধ্বংসী বোলিংয়ে পাকিস্তানকে ১০৪ রানের বড় ব্যবধানে হারিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। এই জয়ের ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টাইগাররা। পাকিস্তানের বিপক্ষে ঘরের মাটিতে এটিই বাংলাদেশের প্রথম টেস্ট জয়।

জয়ের জন্য ২৬৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশের পেস ও স্পিন আক্রমণের সামনে দাঁড়াতেই পারেনি পাকিস্তান। দ্বিতীয় ইনিংসে সফরকারীরা অলআউট হয়েছে মাত্র ১৬৩ রানে। বল হাতে একাই ধস নামান নাহিদ রানা। মাত্র ৪০ রান খরচায় তিনি শিকার করেন ৫টি উইকেট। এছাড়া তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম ২টি করে এবং মেহেদী হাসান মিরাজ ১টি উইকেট নেন।

ইনিংসের শুরুতেই ওপেনার ইমাম-উল হককে (২) ফিরিয়ে ধাক্কা দেন তাসকিন। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৬৬ রান করেন আব্দুল্লাহ ফজল। চতুর্থ উইকেটে ফজলের সঙ্গে ৫১ রানের জুটি গড়েন সালমান আগা (২৬)। তবে তাইজুল ইসলাম ও তাসকিনের জোড়া আঘাতে এই জুটি ভাঙলে পাকিস্তান ফের চাপে পড়ে। এরপর উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান ও সৌদ শাকিল (উভয়েই ১৫ রান) প্রতিরোধের চেষ্টা করলেও নাহিদ রানার আগুনে স্পেলে কুপোকাত হন তারা। শেষ দিকে দ্রুত উইকেট হারিয়ে বড় পরাজয় বরণ করে পাকিস্তান।

এর আগে, নিজেদের প্রথম ইনিংসে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি এবং মুমিনুল হক ও মুশফিকুর রহিমের ফিফটিতে ৪১৩ রান তুলেছিল বাংলাদেশ। জবাবে আজান আওয়াইসের সেঞ্চুরিতে ৩৮৬ রান করে পাকিস্তান। ২৮ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং শুরু করে টাইগাররা। দ্বিতীয় ইনিংসে মুমিনুলের ৫৬ ও শান্তর ৮৭ রানের ওপর ভর করে ৯ উইকেটে ২৪০ রানে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। ফলে পাকিস্তানের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৬৮ রান।

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের জন্য বাংলাদেশকে দীর্ঘ ২৩ বছর অপেক্ষা করতে হয়েছিল। ২০২৪ সালে পাকিস্তানের মাটিতে তাদের হোয়াইটওয়াশ করে আসা টাইগাররা এবার ঘরের মাটিতেও সেই দাপট বজায় রাখলো। এক সময়ের অপয়া পাকিস্তান এখন বাংলাদেশের জয়যাত্রার নিয়মিত প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে।