স্বপ্নভূমি ডেস্ক :
আসন্ন ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানী ঢাকায় প্রচারণার সমাপনী জনসভার তারিখ পরিবর্তন করেছে বিএনপি। পূর্বঘোষিত ৯ ফেব্রুয়ারির পরিবর্তে আগামী রোববার (৮ ফেব্রুয়ারি) নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে এই জনসমাবেশ অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই তথ্য জানান। তিনি বলেন, “ঢাকা মহানগরীতে এটিই হবে আমাদের দলের সর্বশেষ নির্বাচনী কর্মসূচি। জনসভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন দলের চেয়ারম্যান তারেক রহমান।”
সংবাদ সম্মেলনে রিজভী আরও জানান, আগামীকাল শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তারেক রহমানের নেতৃত্বে এটিই হবে দলটির প্রথম পূর্ণাঙ্গ নির্বাচনী অঙ্গীকারনামা।
রুহুল কবির রিজভী দেশ ও গণতন্ত্রের স্বার্থে জনগণকে ‘ধানের শীষ’ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “কোনো চক্রান্ত বা ষড়যন্ত্র করে বিএনপির এই গণজোয়ার ও অগ্রযাত্রা থামানো যাবে না। মানুষ তাদের হারানো অধিকার ফিরে পেতে ব্যালটের মাধ্যমে জবাব দিতে মুখিয়ে আছে।”
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল এবং চেয়ারপারসনের উপদেষ্টা মাহাদী আমিনসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য এই নির্বাচনে বিএনপি এবার বড় জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছে।
আপনার মতামত লিখুন :