• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

শার্শায় গ্রামীণ সড়কের বেহাল অবস্থা: নিজ অর্থায়নে রাস্তা মেরামতে নামলেন চেয়ারম্যান প্রার্থী


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ৬ অগাস্ট ২০২৬, ০৪:৫০
ছবির ক্যাপশন: ad728

শার্শা-বেনাপোল প্রতিনিধি:
যশোরের সীমান্তবর্তী শার্শা উপজেলার নিজামপুর ও গোড়পাড়া এলাকার অধিকাংশ গ্রামীণ সড়কের করুণ দশায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন সংস্কার না হওয়া এবং কিছু কাঁচা সড়কে চলাচলের অনুপযোগী পরিবেশ তৈরি হওয়ায় প্রতিদিন যাতায়াতে পোহাতে হচ্ছে মারাত্মক ভোগান্তি।

স্থানীয় সূত্রে জানা গেছে, সামান্য বৃষ্টিতেই সড়কগুলোতে কাদা জমে যায়। আবার কোথাও কোথাও ভাঙা ইটের সলিং উঠে গিয়ে বড় বড় খাদের সৃষ্টি হয়েছে। এতে করে প্রতিদিন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কৃষক এবং সাধারণ পথচারীদের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, উপজেলার বহু উন্নয়নমূলক কাজ হলেও এই অঞ্চলের গ্রামীণ সড়কগুলো দীর্ঘদিন ধরে অবহেলিত। এমনকি কয়েকটি গ্রামীণ কাঁচা সড়কে স্বাধীনতার ৫৪ বছরেও কোনো ইটের ছোঁয়া লাগেনি।

জনভোগান্তির এমন চিত্র দেখে সাময়িকভাবে রাস্তাগুলো চলাচলের উপযোগী করতে এগিয়ে এসেছেন স্থানীয় চেয়ারম্যান প্রার্থী মো. তরিকুল ইসলাম। তিনি সম্পূর্ণ নিজ অর্থায়নে ইট ও ইটের সুরকি (টুকরা) ফেলে খানাখন্দ ভরাট ও সংস্কারের কাজ শুরু করেছেন।

এ বিষয়ে চেয়ারম্যান প্রার্থী মো. তরিকুল ইসলাম বলেন, "গ্রামের মানুষ দীর্ঘদিন ধরে এই রাস্তাগুলোর কারণে কষ্ট পাচ্ছিল। বৃষ্টি হলে হেঁটে চলাচলেও সমস্যা হয়। জনগণের কষ্ট দেখে আমি সাধ্যমতো নিজ অর্থায়নে প্রাথমিক সংস্কার কাজ করছি, যেন অন্তত গাড়ি ও মানুষ নিরাপদে যাতায়াত করতে পারে।"

তবে সাময়িক সংস্কারে পুরোপুরি স্বস্তি ফিরছে না বলে জানান ভুক্তভোগী এলাকাবাসী। তাদের দাবি, প্রাথমিক এই উদ্যোগ প্রশংসনীয় হলেও সড়কগুলোর টেকসই ও স্থায়ী কার্পেটিং বা পাকাকরণের ব্যবস্থা নেওয়া জরুরি। এ বিষয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন প্রশাসনিক কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেছেন তারা।