যশোরে বাছাইকৃত অগ্রসরকর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬
স্টাফ রিপোর্টার :
বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর পেশাজীবী থানা শাখার উদ্যোগে দিনব্যাপী ‘বাছাইকৃত অগ্রসরকর্মী শিক্ষা শিবির’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার যশোর জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের বাছাইকৃত কর্মীরা অংশ নেন।
শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতের আমীর ও যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক গোলাম রসুল বলেন, হযরত ইব্রাহিম (আ.)-এর জীবনে আল্লাহ তায়ালা কঠিন পরীক্ষা নিয়েছিলেন। তিনি বলেন, কোরআনে হযরত ইব্রাহিম (আ.) সম্পর্কে অসংখ্য আয়াত রয়েছে। আল্লাহ তায়ালা তাঁকে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ করে মানুষের নেতা হিসেবে মনোনীত করেছিলেন।
তিনি বলেন, হযরত ইব্রাহিম (আ.)-কে জীবনে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে। তিনি সংগ্রাম করেছেন এবং তাঁর বংশের নেতৃত্বের সঙ্গেও সংগ্রাম করেছেন। সেই সংগ্রামের একপর্যায়ে তাঁকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল। কিন্তু তিনি কোনো স্বৈরাচারী বা ফ্যাসিবাদী শক্তির কাছে মাথা নত করেননি।
অধ্যাপক গোলাম রসুল বলেন, সমাজে ন্যায়বিচার ও ইনসাফ প্রতিষ্ঠা এবং আল্লাহর দ্বীনের শাসন প্রতিষ্ঠার বিরোধিতা করা উচিত নয়। শুধু নিজেকে মুসলিম দাবি করলেই হবে না; আল্লাহর একত্ববাদ ও দ্বীনের প্রতি আনুগত্য থাকতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবু জাফর, সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস ও বেলাল হুসাইন, অফিস সেক্রেটারি নুরে আলা নুর মামুন, জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আরশাদুল ইসলাম, পেশাজীবী থানা শাখার সভাপতি খন্দকার রশিদুজ্জামান রতন, সেক্রেটারি আবু ফয়সালসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
দিনব্যাপী শিক্ষা শিবিরে বিভিন্ন বিষয়ে আলোচনা ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। পরে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শেষ হয়।
আপনার মতামত লিখুন :