• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

অবসর ও কল্যাণ ট্রাস্টের টাকা পেয়ে যশোরে শিক্ষক-কর্মচারীদের আনন্দ র‍্যালি


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ২০ অগাস্ট ২০২৬, ০৭:০৬
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার:
দীর্ঘদিন বন্ধ থাকার পর বেসরকারি শিক্ষক-কর্মচারী অবসর ও কল্যাণ ট্রাস্টের টাকা প্রদান করায় আনন্দ র‍্যালি ও সমাবেশ করেছে বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্য জোট যশোর জেলা শাখা। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ উদ্যোগ এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সার্বিক সহযোগিতায় যশোরের বিপুলসংখ্যক অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী তাদের প্রাপ্য অর্থ পেয়েছেন বলে সমাবেশে বক্তারা উল্লেখ করেন।

বৃহস্পতিবার প্রেসক্লাব যশোর মিলনায়তনে র‍্যালিপূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন।

তিনি বলেন, ফ্যাসিস্ট সরকার শিক্ষকদের জমানো হাজার হাজার কোটি টাকা লুণ্ঠন করে বিদেশে পাচার করেছে। এর ফলে অবসরপ্রাপ্ত শিক্ষকরা দীর্ঘদিন মানবেতর জীবনযাপন করেছেন। বর্তমান শিক্ষাবান্ধব সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান বিশেষ উদ্যোগ নিয়ে দেশের ৭০ হাজারেরও বেশি শিক্ষক-কর্মচারীর অবসর ও কল্যাণ তহবিলের টাকা প্রদানের ব্যবস্থা করেছেন।

দেলোয়ার হোসেন খোকন বলেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সার্বিক সহযোগিতায় যশোর থেকে সবচেয়ে বেশি অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী তাদের প্রাপ্য অর্থ পেয়েছেন। যশোরে ২ হাজার ৭৯১ জন বেসরকারি শিক্ষক-কর্মচারীকে মোট ৮৭ কোটি ৮ লাখ ৭৫ হাজার টাকা প্রদান করা হয়েছে।

তিনি আরও বলেন, অতীতে নিজের জমানো এই টাকা পাওয়ার জন্য শিক্ষকদের বৃদ্ধ বয়সে দ্বারে দ্বারে ঘুরতে হয়েছে। এমনকি অনেককে ঘুষ দেওয়ার অভিযোগও ছিল। অথচ বর্তমান সরকার কোনো ধরনের হয়রানি ও ঘুষ ছাড়াই সরাসরি ব্যাংকের মাধ্যমে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের প্রাপ্য অর্থ প্রদান করেছে।

প্রধান অতিথি বলেন, দেশের শিক্ষক সমাজ আজ যে সুযোগ-সুবিধা ভোগ করছেন, তার সূচনা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। পরবর্তীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তা আরও প্রসারিত করেন। পিতা-মাতার দেখানো পথে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও শিক্ষকদের কল্যাণে কাজ করছেন।

বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্য জোট যশোর জেলা শাখার সভাপতি ভারপ্রাপ্ত অধ্যক্ষ মকবুল হোসেনের সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুর রহমান মধু।

সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রীয় নেতা ফায়সাল রশীদ পান্নু, যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ইবাদত খান, বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্য জোট যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা শিক্ষক সমিতির সভাপতি রাজিব মাহমুদসহ অন্যান্য নেতারা।

সমাবেশ শেষে প্রেসক্লাব যশোরের সামনে থেকে একটি আনন্দ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দড়াটানায় গিয়ে শেষ হয়।