• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে ধর্ষণের শিকার শিশুর পরিবারের পাশে বিএনপির সহায়তা সেল


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬, ১৪:১৪
ছবির ক্যাপশন: ad728

নিজস্ব প্রতিবেদক :
যশোরের বিরামপুরে ধর্ষণের শিকার নয় বছরের এক শিশুর পরিবারের পাশে দাঁড়িয়েছে বিএনপির ‘নিপীড়িত নারী ও শিশুদের আইনি ও স্বাস্থ্য সহায়তা সেল’। দলটির শীর্ষ নেতৃত্বের নির্দেশে ভুক্তভোগী পরিবারের জন্য সম্পূর্ণ বিনামূল্যে আইনি লড়াই ও সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন সেলের সদস্যরা।

জানা গেছে, বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান এবং সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত-এর বিশেষ নির্দেশনায় সেলের প্রতিনিধিরা শিশুটির বাড়িতে যান। প্রতিনিধি দলে ছিলেন নগর বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শামস ইমরান এবং জেলা মহিলা দলের দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মৌলুদা পারভিন। তারা শিশুটির বাবা-মা ও স্বজনদের সঙ্গে কথা বলে তাদের সান্ত্বনা দেন এবং আইনি ও মানসিক সহায়তার অঙ্গীকার করেন।

এ সময় অ্যাডভোকেট শামস ইমরান বলেন, "অসহায় শিশুটির ওপর যে পাশবিকতা চালানো হয়েছে, তার বিচার নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। ভুক্তভোগী পরিবার যাতে ন্যায়বিচার পায়, সে লক্ষ্যে আমাদের সেল সর্বোচ্চ আইনি লড়াই চালিয়ে যাবে।"

উল্লেখ্য, গত ২৯ এপ্রিল বুধবার দুপুরে বিরামপুরের সাইকেল হাট এলাকায় দুই ভাইয়ের সঙ্গে খেলা করার সময় ফিরোজ নামের এক ড্রাইভার শিশুটিকে ফুসলিয়ে নির্জন পরিত্যক্ত বাড়িতে নিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। ঘটনার পর থেকেই অভিযুক্ত ফিরোজ পলাতক রয়েছে।
:

ভুক্তভোগী পরিবার অভিযোগ করেছে, ঘটনার পর প্রভাবশালী মহলের পক্ষ থেকে মামলা না করার জন্য তাদের ওপর তীব্র চাপ প্রয়োগ করা হয়েছিল। তবে কোতোয়ালি থানা পুলিশের দৃঢ়তায় সেই অপচেষ্টা ব্যর্থ হয় এবং থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়। ইতোমধ্যে আদালতে শিশুটির জবানবন্দি রেকর্ড করা হয়েছে।

এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান জানান, অপরাধীকে আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।

নির্যাতিত শিশুটির বাবা-মা কান্নায় ভেঙে পড়ে বলেন, "আমরা কেবল বিচার চাই। যে আমাদের কলিজার টুকরোকে শেষ করে দিতে চেয়েছে, তার যেন ফাঁসি হয়।"