• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

বিডার ওয়ান স্টপ সার্ভিসে যুক্ত হলো ১১ নতুন প্রতিষ্ঠান


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২০ জানুয়ারী ২০২৬, ১৫:৬
ছবির ক্যাপশন: ad728

স্বপ্নভূমি ডেস্ক :

দেশি ও বিদেশি বিনিয়োগ প্রক্রিয়াকে আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ করতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) অনলাইন ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) পোর্টালে নতুন করে ১১টি প্রতিষ্ঠান যুক্ত হয়েছে। এর মধ্যে চারটি বাণিজ্যিক ব্যাংক ও সাতটি সিটি কর্পোরেশন রয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বিডার কনফারেন্স কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিডার নির্বাহী চেয়ারম্যান (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

সমঝোতা স্মারক স্বাক্ষরকারী ব্যাংকগুলো হলো— রূপালী ব্যাংক পিএলসি, ঢাকা ব্যাংক পিএলসি, ব্যাংক এশিয়া পিএলসি ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি। অন্যদিকে সেবা প্রদানকারী সিটি কর্পোরেশনগুলো হলো— রাজশাহী, খুলনা, ময়মনসিংহ, বরিশাল, কুমিল্লা, গাজীপুর ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন।

এই সমঝোতার ফলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সিস্টেম বিডার অনলাইন পোর্টালের সাথে সরাসরি যুক্ত হবে। এর মাধ্যমে বিনিয়োগকারীরা এখন থেকে একক অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে ব্যাংক হিসাব খোলা, ট্রেড লাইসেন্স গ্রহণসহ বিভিন্ন আর্থিক ও সিটি কর্পোরেশন–সংক্রান্ত সেবা দ্রুত এবং হয়রানিমুক্তভাবে গ্রহণ করতে পারবেন।

অনুষ্ঠানে বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বলেন, “একজন ক্ষুদ্র উদ্যোক্তা থেকে শুরু করে বড় শিল্পগোষ্ঠী— সবাই যেন একটি ওয়েবসাইট ও একটি লগইনের মাধ্যমেই প্রয়োজনীয় সব সরকারি সেবা পান, সেটিই আমাদের লক্ষ্য।” তিনি আরও উল্লেখ করেন যে, একই তথ্য বারবার বিভিন্ন দপ্তরে জমা দেওয়ার সংস্কৃতি থেকে দেশ বেরিয়ে আসছে।

উল্লেখ্য, ২০১৯ সালের ফেব্রুয়ারি থেকে বিডার অনলাইন ওয়ান স্টপ সার্ভিস পোর্টাল চালু হয়। আজকের নতুন ১১টিসহ এ পর্যন্ত মোট ৫২টি প্রতিষ্ঠানের সঙ্গে বিডা সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। বর্তমানে এই পোর্টালের মাধ্যমে ৪৭টি সংস্থার ১৪২টি সেবা প্রদান করা হচ্ছে এবং এখন পর্যন্ত ২ লাখ ১৫ হাজার ৬৯৯টি আবেদন নিষ্পত্তি হয়েছে।

বিডার নির্বাহী সদস্য এয়ার কমোডর (অব.) মো. শাহারুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে কার্যক্রমের সার্বিক উপস্থাপনা করেন মহাপরিচালক জীবন কৃষ্ণ সাহা রায়।