• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও বিশাল মিছিল


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৫ অগাস্ট ২০২৬, ১১:৩০
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার :
‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে যশোরের জিরো পয়েন্ট কোর্ট মোড়ে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে এক বিশাল সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে আয়োজিত এ কর্মসূচিতে সর্বস্তরের নেতাকর্মীদের ঢল নামে।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমীর ও যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "স্বৈরাচার উৎখাত করতে গিয়ে বাংলাদেশের এক হাজার ছয় শতাধিক তরুণকে সেদিন জীবন দিতে হয়েছিল। জুলাই বিপ্লব কোনো একক দলের ছিল না, এটি ছিল তরুণ সমাজসহ আপামর জনগণের। গত সাড়ে ১৫ বছর ধরে বিভিন্ন রাজনৈতিক দল আন্দোলন করেছে, বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ ইসলামী দলগুলোর বহু নেতাকর্মী গুম ও ফাঁসির শিকার হয়েছেন।"

শহীদদের বিচার প্রক্রিয়ার অগ্রগতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে এমপি গোলাম রসুল আরও বলেন, "জুলাই বিপ্লবে শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে দুই বছর অতিক্রম হলেও এখনো গণহত্যাকারী শেখ হাসিনা ও তাঁর দোসরদের দৃশ্যমান বিচার সম্পন্ন হয়নি। অবিলম্বে খুনি স্বৈরাচার ও তার সঙ্গীদের বিচার বিচারিক প্রক্রিয়ায় বাংলার মাটিতে বাস্তবায়ন করতে হবে।"

বর্তমান অর্থনৈতিক ও প্রশাসনিক পরিস্থিতির সমালোচনা করে তিনি বলেন, "যে বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক বাংলাদেশের স্বপ্ন নিয়ে জুলাই বিপ্লব হয়েছিল, বর্তমান নতুন সরকারের বিভিন্ন পদক্ষেপে সেই ইনসাফ দৃশ্যমান হচ্ছে না। সরকারি দলীয় এমপিদের ক্ষেত্রে আকাশচুম্বী বৈষম্য করা হচ্ছে এবং সকল সেক্টরে দলীয়করণ ও লাগামহীন দুর্নীতি পুনরায় ফিরে আসছে।" এ সময় তিনি গণভোটে ৭১ শতাংশ মানুষের সমর্থনের কথা মনে করিয়ে দিয়ে দ্রুত অধ্যাদেশ বাস্তবায়নের আহ্বান জানান।

মিছিলপূর্ব সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যশোর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক, জেলা জামায়াতের সেক্রেটারি আবু জাফর সিদ্দিকী, সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস, শামসুজ্জামান ও মনিরুল ইসলাম, জামায়াত নেতা আব্দুল কাদের, জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী নুরুজ্জামান, জেলা বাংলাদেশ খেলাফত মজলিসের সহ-সম্পাদক মুফতি রাশেদুজ্জামান, জেলা জামায়াতের প্রচার সেক্রেটারি শাহাবুদ্দিন বিশ্বাস, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আবুল হাশেম রেজা, যশোর শহর শিবিরের সভাপতি উবাইদুল্লাহ হুসাইন, শহর জামায়াতের আমীর মাওলানা ইসমাইল হোসেন, এবং সদর উপজেলা জামায়াতের আমীর আশরাফ ও সেক্রেটারি আব্দুল হক।

জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি রেজাউল করিমের সঞ্চালনায় সভাটি পরিচালিত হয়। মতবিনিময় ও সমাবেশ শেষে কোর্ট মোড় থেকে একটি বিশাল গণমিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মনিহার মোড়ে গিয়ে শেষ হয়।