নিজেস্ব প্রতিনিধি:
ভূমি সেবা সহজীকরণ ও জনভোগান্তি কমানোর লক্ষ্যে তিন দিন ব্যাপি ভূমি মেলার অংশ হিসেবে যশোরে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ গ্রহন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, স্থানীয় সরকার বিভাগের উপরিচালক রফিকুল হাসান, বাসুদেব মালো এবং প্রেসক্লাব যশোর-এর সভাপতি জাহিদ হাসান টুকুনসহ অন্যরা।
সেমিনারে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেন, সেবার ক্ষেত্রে কোথায় বাধা বা অসুবিধা রয়েছে তা চিহ্নিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। ভূমি সেবা আরও সহজ ও জনবান্ধব করতে সরকার কাজ করছে। তিনি বলেন, এটি এমন কোনো মেলা নয় যেখানে সব সেবা তাৎক্ষণিকভাবে দেওয়া হবে। বরং ভূমি অফিস-সংশ্লিষ্ট কর্মকর্তারা এখানে প্রযুক্তিগত ও বাস্তব সমস্যাগুলো নিয়ে আলোচনা করছেন।
তিনি আরও বলেন, যশোর সদরে বছরে তিন হাজারের বেশি ভূমি-সংক্রান্ত মেডিয়েশন করা হয়। জমিজমা সংক্রান্ত বিষয় জটিল হওয়ায় অনেক সময় পরিবারের সদস্যদের মধ্যেও বিরোধ ও মনোমালিন্যের সৃষ্টি হয়। এ কারণে ভূমি বিষয়ে সাধারণ মানুষের সচেতনতা বাড়ানো জরুরি।
জেলা প্রশাসক জানান, সরকার পরীক্ষামূলকভাবে অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা চালু করেছে এবং ধাপে ধাপে আধুনিক সেবা নিশ্চিতের উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি বলেন, বর্তমান সরকার মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে চায়। এ ধরনের আয়োজন থেকে প্রাপ্ত অভিযোগ ও সমস্যাগুলো সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
তিনি প্রাথমিক শিক্ষা পর্যায় থেকেই ভূমি-সংক্রান্ত মৌলিক শিক্ষা অন্তর্ভুক্ত করার সুপারিশ করেন। তাঁর ভাষায়, ক্লাস ফাইভ থেকে ধাপে ধাপে ভূমি বিষয়ে শিক্ষা কাঠামো থাকলে মানুষ সচেতন হবে এবং বিরোধও কমবে।
সেমিনারে প্রায় ৪৫ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন। সমাপনী দিনে ১৫ জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আপনার মতামত লিখুন :