• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে “বাঁচতে শেখা”র উদ্যোগে বিশ্ব ডাউন সিনড্রোম দিবস উদযাপন


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬, ১৬:৩০
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার :
যশোরে সামাজিক সংগঠন “বাঁচতে শেখা”-এর উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বিশ্ব ডাউন সিনড্রোম দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সংগঠনটির হলরুমে এক আলোচনা সভা, বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ডাউন সিনড্রোম বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অধিকার নিশ্চিতকরণ এবং তাদের সামাজিক অন্তর্ভুক্তির গুরুত্ব তুলে ধরা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, অভিভাবক, শিক্ষক ও স্বেচ্ছাসেবীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন “বাঁচতে শেখা”-এর প্রতিষ্ঠাতা নির্বাহী ড. অ্যাঞ্জেলা গমেস। তিনি বলেন, “ডাউন সিনড্রোম কোনো রোগ নয়, এটি একটি জেনেটিক বৈশিষ্ট্য। তাদের প্রতি সহানুভূতি নয়, বরং সমান অধিকার ও সুযোগ নিশ্চিত করাই আমাদের দায়িত্ব।”
এ সময় প্রোগ্রাম ফোকাল হিমেল সঞ্জীব কিসকু বলেন, “সমাজের সম্মিলিত প্রচেষ্টায় ডাউন সিনড্রোম শিশুদের জন্য একটি সহায়ক ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ গড়ে তোলা সম্ভব।”

অনুষ্ঠানে ডাউন সিনড্রোমে আক্রান্ত শিশুদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়, যা উপস্থিত সকলকে মুগ্ধ করে। এছাড়া সচেতনতামূলক আলোচনা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দিবসটির তাৎপর্য তুলে ধরা হয়।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে, যাতে সমাজে ডাউন সিনড্রোম বিষয়ে সচেতনতা বৃদ্ধি পায় এবং এসব শিশুদের জন্য একটি সহায়ক ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ নিশ্চিত করা যায়।