অভয়নগরে মাদক সেবনের পর বিশৃঙ্খলা: ভ্রাম্যমাণ আদালতে ৩ মাদকসেবীর কারাদণ্ড
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬, ১৩:৫৫
অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরের অভয়নগরে মাদক সেবনের পর জনসমক্ষে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তিন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে পাঁচশত টাকা করে জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে এই দণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশীষ কুমার বসু।
দণ্ডপ্রাপ্তরা হলেন— উপজেলার রাজঘাট গ্রামের জয়নাল আবেদিন মোল্যার ছেলে রজিবুল ইসলাম (৪৬), গাজীপুর গ্রামের কালাম সরদারের ছেলে সেলিম (৪০) এবং নওয়াপাড়া গ্রামের আশরাফ মোল্যার ছেলে দুলাল মোল্যা (২৮)।
ভ্রাম্যমাণ আদালতের পেশকার মো. খায়রুজ্জামান জানান, মাদক সেবনের পর জনসমক্ষে মাতলামি ও বিশৃঙ্খলা সৃষ্টির সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আজ মঙ্গলবার বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালায় প্রশাসন। অভিযানে রজিবুল, সেলিম ও দুলালকে হাতেনাতে আটক করা হয়।
পরবর্তীতে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় দোষী সাব্যস্ত করে রজিবুল ইসলামকে ৩ দিনের এবং সেলিম ও দুলাল মোল্যাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া তাঁদের প্রত্যেককে ৫০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
এ বিষয়ে জানতে চাইলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশীষ কুমার বসু বলেন, “জনসাধারণের শান্তি বিনষ্টকারী ও মাদকসেবীদের বিরুদ্ধে আমাদের এই অভিযান চালানো হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অপরাধ প্রমাণিত হওয়ায় আটক তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে প্রশাসনের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
আপনার মতামত লিখুন :