• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

সাংবাদিকদের অধিকার ও বাকস্বাধীনতা রক্ষায় ঐক্যের বিকল্প নেই: ওবায়দুর রহমান শাহীন


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৩০
ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক:

সাংবাদিকদের অধিকার, মর্যাদা ও বাকস্বাধীনতা রক্ষায় ঐক্যের কোনো বিকল্প নেই উল্লেখ করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওবায়দুর রহমান শাহীন বলেছেন, বিভেদ ভুলে সাংবাদিকদের বৃহত্তর স্বার্থে সবাইকে এক কাতারে এসে কাজ করতে হবে।


শনিবার বিকেলে প্রেসক্লাব যশোরের শহীদ সাংবাদিক শামছুর রহমান মিলনায়তনে সাংবাদিক ইউনিয়ন যশোর (জেইউজে) আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


সভায় সাংবাদিক ইউনিয়ন যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি ফকির শওকত পুনরায় সংগঠনটিতে যোগ দেন। এ সময় বিএফইউজে সভাপতি তাকে ফুল দিয়ে বরণ করে নেন।


প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুর রহমান শাহীন বলেন, "বিগত ফ্যাসিস্ট শাসনামলে সাংবাদিকদের মধ্যে কৃত্রিম বিভাজন তৈরি এবং তাদের ওপর নির্যাতন চালানো হয়েছে। নানা কারণে যারা এতদিন ঐক্যবদ্ধ হতে পারেননি, তাদের সবাইকে সাংবাদিক সমাজের স্বার্থে এক হয়ে কাজ করার আহ্বান জানাচ্ছি।"


তিনি আরও জানান, সাংবাদিকদের কল্যাণ ও বাকস্বাধীনতা রক্ষায় বিএফইউজে নিরলসভাবে কাজ করছে। আগামীতে সাংবাদিক হাউজিং নির্মাণসহ নানা কল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন তিনি।


সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম ফরহাদের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন—বিএফইউজের সাবেক সহকারী মহাসচিব ও প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত সাধারণ সম্পাদক নূর ইসলাম, সাবেক সভাপতি এম আইউব, সাবেক সাধারণ সম্পাদক তৌহিদ জামান, সরোয়ার হোসেন, জাহিদ আহমেদ লিটন, বিএম আসাদ, ফিরোজ গাজী ও তরিকুল ইসলাম তারেক প্রমুখ।


এর আগে বিএফইউজে সভাপতি ওবায়দুর রহমান শাহীন প্রেসক্লাব যশোরে পৌঁছালে সাংবাদিক ইউনিয়ন যশোরের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।