যশোরে সুর নিকেতনের বর্ষাবরণ ও কবি নজরুলের স্মরণানুষ্ঠান
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬, ০৪:৩৭
যশোর প্রতিনিধি:
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে যশোরে বর্ষাবরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘সুর নিকেতন যশোর’-এর উদ্যোগে এই বর্ণিল উৎসবের আয়োজন করা হয়।
জাতীয় কবির স্মরণে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সুর নিকেতন যশোরের সভাপতি মোক্তার আলী। সভায় আমন্ত্রিত সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন অর রশিদ, কিংশুক সংগীত একাডেমির সাধারণ সম্পাদক আনোয়ারুল করীম, সাংস্কৃতিক কর্মী সোহেল এবং শব্দ থিয়েটারের সাধারণ সম্পাদক ও নাট্যকার মাসুদ জামান।
বক্তারা জাতীয় কবির সাহিত্য ও সঙ্গীত জীবনের ওপর আলোকপাত করে বলেন, নজরুলের সৃষ্টি আমাদের সংস্কৃতির এক বিশাল অনুষঙ্গ, যা যেকোনো ঋতু বা উৎসবে আমাদের প্রেরণা যোগায়। অনুষ্ঠানটি অত্যন্ত সাবলীলভাবে পরিচালনা করেন সঞ্জয় বিশ্বাস।
আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানে নজরুলের কালজয়ী সব গান পরিবেশন করে শ্রোতাদের মুগ্ধ করেন কণ্ঠশিল্পী বাণী, অরণ্য, রিয়া, মিথিলা, সঞ্জয়, খোকা ও কেয়া। সঙ্গীতের পাশাপাশি দর্শকদের বাড়তি আনন্দ যোগায় শিল্পী বাণী ও স্বস্তিকার পরিবেশনায় নজরুলের গানের ওপর ভিত্তি করে আকর্ষণীয় একক নৃত্য। অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক সঙ্গীতপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :