• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে মোটরসাইকেল চুরির সময় হাতেনাতে যুবক আটক


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬, ০৮:১৪
ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক, যশোর:
যশোরে দাঁড়িয়ে থাকা একটি রানার-৫০ মোটরসাইকেল চুরি করে পালিয়ে যাওয়ার সময় তুহিন শেখ (২৭) নামে এক যুবককে হাতেনাতে আটক করা হয়েছে।

আজ বুধবার (০৭ অক্টোবর ২০২৬) সকাল আনুমানিক ৬টা ৪০ মিনিটের দিকে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের ট্রেজারি শাখার দক্ষিণ পাশে মোহাম্মদ আলী হোটেলের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক তুহিন শেখ বাগেরহাট জেলার মোংলা থানার জিভধারা গ্রামের মৃত আশরাফ শেখের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে যশোর শহরের নুরপুর এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে ট্রেজারি শাখার দক্ষিণ পাশে মোহাম্মদ আলী হোটেলের সামনে পার্ক করে রাখা একটি রানার-৫০ সিসি মোটরসাইকেল লক ভেঙে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন তুহিন শেখ। এ সময় চুরির বিষয়টি আশপাশের লোকজনের সন্দেহ হলে তারা তাৎক্ষণিক ট্রেজারি গার্ডে দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের অবহিত করেন।

খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ট্রেজারি গার্ডের কর্তব্যরত পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চোরচক্রের সদস্য তুহিন শেখকে রানার বাইকসহ আটক করেন। পরবর্তীতে খবর পেয়ে যশোর কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটককৃত যুবককে নিজেদের হেফাজতে নেয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে যশোর কোতোয়ালি থানা পুলিশ জানায়, মোটরসাইকেল চুরির অপরাধে আটক যুবকের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।