যশোরে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান পেলেন ৯৪ সাংবাদিক
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৯
স্টাফ রিপোর্টার :
সাংবাদিকদের কল্যাণে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট এর উদ্যোগে কল্যাণ অনুদান সহায়তা ও শিক্ষাবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ (অমিত্রাক্ষর)-এ আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ এবং যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মাদ আশেক হাসান।
প্রধান অতিথির বক্তব্যে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, সাংবাদিকরা জাতির বিবেক ও সমাজের দর্পণ। তাদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে নানা ধরনের ঝুঁকি ও প্রতিকূলতার সম্মুখীন হতে হয়। অসুস্থতা, দুর্ঘটনা কিংবা আর্থিক সংকটে পড়লে সাংবাদিকদের পাশে দাঁড়ানো সরকারের নৈতিক দায়িত্ব। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে এ ধরনের সহায়তা কার্যক্রম সেই দায়িত্ব পালনেরই অংশ। তিনি আরও বলেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই সহায়তা অব্যাহত থাকবে।
বিশেষ অতিথি মুহাম্মদ আবদুল্লাহ বলেন, দেশের বিভিন্ন প্রান্তে কর্মরত অসচ্ছল, অসুস্থ ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত সাংবাদিক এবং তাদের পরিবারের সদস্যদের সহায়তা প্রদানে ট্রাস্ট নিরলসভাবে কাজ করছে। শিক্ষাবৃত্তির মাধ্যমে সাংবাদিক সন্তানদের লেখাপড়ায় উৎসাহিত করা হচ্ছে, যাতে তারা উচ্চশিক্ষায় এগিয়ে যেতে পারে।
পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, সাংবাদিক ও আইনশৃঙ্খলা বাহিনী একে অপরের পরিপূরক। সমাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাদের কল্যাণ নিশ্চিত করা মানে একটি সুস্থ গণমাধ্যম পরিবেশ নিশ্চিত করা।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মাদ আশেক হাসান বলেন, যশোর জেলার সাংবাদিকরা অত্যন্ত দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছেন। তাদের কল্যাণে সরকারের এই উদ্যোগ প্রশংসনীয়। জেলা প্রশাসন সবসময় সাংবাদিকদের পাশে থাকবে।
অনুষ্ঠানে জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার অসংখ্য সাংবাদিক উপস্থিত ছিলেন। এ সময় নির্বাচিত সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের হাতে কল্যাণ অনুদান সহায়তা ও শিক্ষাবৃত্তির চেক তুলে দেওয়া হয়। চেক গ্রহণকারীরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ও জেলা প্রশাসন, যশোর।
আপনার মতামত লিখুন :