যশোরে হেপাটাইটিস বি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত: বিনামূল্যে চিকিৎসা বুথের উদ্বোধন
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮
নিজস্ব প্রতিবেদক, যশোর:
যশোর উপশহর পেশাজীবী ফোরামের উদ্যোগে হেপাটাইটিস বি ভাইরাস বিষয়ক এক সচেতনতামূলক সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপশহর পেশাজীবী ফোরামের কার্যালয়ে প্রধান সমন্বয়ক ও অতিরিক্ত পিপি অ্যাডভোকেট সেলিম রেজা ময়না এই সেমিনারের উদ্বোধন করেন।
সেমিনারে প্রজেক্টরের মাধ্যমে হেপাটাইটিস বি ভাইরাসের ক্ষতিকর দিক, সংক্রমণের কারণ ও প্রতিকার নিয়ে বিশদ আলোচনা করেন ড্যাফোডিল ডায়াগনস্টিকের চিকিৎসক ড. খায়রুল হোসেন। তিনি জানান, আক্রান্ত রোগীর ব্যবহৃত দন্ত চিকিৎসার যন্ত্রাংশ, সেলুনের ক্ষুর-ব্লেড বা ব্যক্তিগত ব্যবহার্য সামগ্রীর মাধ্যমে এ রোগ দ্রুত ছড়িয়ে পড়ে। তাই সর্বস্তরে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে জানানো হয়, যশোরে প্রথমবারের মতো পিকেএসএফ-এর সহায়তায় উপশহর পেশাজীবী ফোরাম কার্যালয়ে একটি বিশেষ চিকিৎসা বুথ চালু করা হয়েছে। এই বুথে সরকারি মূল্যে হেপাটাইটিস বি পরীক্ষা করা হবে এবং এলাকার দরিদ্র ও অসচ্ছল মানুষের জন্য তা সম্পূর্ণ বিনামূল্যে থাকবে।
ফোরামের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট সেলিম রেজা ময়না বলেন, "অর্থের অভাবে কোনো মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত হবেন না—এই নীতিতেই আমরা কাজ করছি। উপশহরবাসীর যেকোনো স্বাস্থ্য সেবায় পেশাজীবী ফোরাম পাশে থাকবে।"
সেমিনারে উপস্থিত ছিলেন পিকেএসএফ-এর টেকনিশিয়ান আবু তালেব, সদর উপজেলা বিএনপির সহসভাপতি শামছুল হক, প্রফেসর সিরাজুল ইসলাম, শিক্ষক নাছির উদ্দিন, প্রফেসর এস এম বিল্লাহ, সমাজসেবক নেছার উদ্দিন মুন্না, ব্যাংক কর্মকর্তা সাগর আহমেদ, অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা গোলাম মোস্তফা, ব্যবসায়ী পলাশ আহমেদ ও পৌর কর্মচারী আব্দুল কাদেরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আপনার মতামত লিখুন :