কুরাসাওকে ৭ গোলে ওড়াল জার্মানি: ব্রাজিলকে টপকে সর্বোচ্চ গোলের বিশ্বরেকর্ড
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬, ০০:০৭
স্পোর্টস রিপোর্টার:
টানা দুই বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার বিষাদময় স্মৃতি পেছনে ফেলে এবার রাজকীয় এক জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল জার্মানি। টুর্নামেন্টের নবাগত দল কুরাসাওকে ৭–১ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দেওয়ার পাশাপাশি বিশ্বকাপ ইতিহাসের এক অনন্য রেকর্ড নিজেদের করে নিয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে টপকে এখন বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলের মালিক ইউলিয়ান নাগেলসমানের দল।
কুরাসাওয়ের বিপক্ষে এই ৭ গোলের সুবাদে বিশ্বকাপে জার্মানির মোট গোলসংখ্যা এখন দাঁড়িয়েছে ২৩৯-এ। এতদিন ২৩৮ গোল নিয়ে এই তালিকার শীর্ষে একক রাজত্ব ছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের। রেকর্ড ভাঙার এই ম্যাচে জার্মানির পক্ষে জোড়া গোল করেছেন কাই হাভার্টজ। এছাড়া অন্য পাঁচটি গোল এসেছে ভিন্ন পাঁচজন খেলোয়াড়ের পা থেকে। উল্লেখ্য, এই তালিকায় ১৫২ গোল নিয়ে তৃতীয় অবস্থানে আছে আর্জেন্টিনা।
ম্যাচের শুরু থেকেই কুরাসাওয়ের রক্ষণভাগে কাঁপন ধরায় জার্মানি। ম্যাচের প্রথমার্ধেই ফেলিক্স এনমেচার দারুণ এক গোলে এগিয়ে যায় চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে বিশ্বকাপে নিজেদের অভিষেক ম্যাচ খেলতে নামা ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র কুরাসাও সহজে দমে যায়নি। ম্যাচের ২১ মিনিটে লিভানো কোমেনেনসিয়ার গোলে সমতায় ফিরে চমক দেখায় তারা।
তবে জার্মানির আক্রমণের সামনে সেই প্রতিরোধ বেশিক্ষণ টেকেনি। ৩৮ মিনিটে নিকো শ্লটারবেকের চমৎকার হেডে আবারও লিড নেয় জার্মানি। এরপর প্রথমার্ধের যোগ করা সময়ে সফল পেনাল্টি কিক থেকে গোল করে ব্যবধান ৩–১ করেন আক্রমণভাগের তারকা কাই হাভার্টজ।
বিরতির পর মাঠের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে তুলে নেয় নাগেলসমানের শিষ্যরা। ৫২ মিনিটে তরুণ তুর্কি জামাল মুসিয়ালা গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন। এরপর কুরাসাওয়ের রক্ষণভাগকে পুরোপুরি চূর্ণ-বিচূর্ণ করে গোলদাতাদের তালিকায় নাম লেখান নাথানিয়েল ব্রাউন ও ডেনিস উনদাভ। ম্যাচের শেষ দিকে কাই হাভার্টজ নিজের দ্বিতীয় গোলটি করলে ৭-১ গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে জার্মানি।
শুরুতে কিছুটা লড়াইয়ের আভাস দিলেও শেষ পর্যন্ত জার্মান ফুটবলের চিরচেনা দাপটের সামনে অসহায় আত্মসমর্পণ করতে হয় কুরাসাওকে। আর এই ঐতিহাসিক জয়ের মধ্য দিয়েই বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার সিংহাসনে বসে নতুন এক অধ্যায়ের সূচনা করল জার্মানি।
আপনার মতামত লিখুন :