• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

সাবেক এমপি শাহীন চাকলাদারের বিরুদ্ধে অস্ত্র মামলায় গ্রেফতারি পরোয়ানা


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬, ৬:২৯
ছবির ক্যাপশন: ad728

নিজস্ব প্রতিবেদক
লাইসেন্সকৃত অস্ত্র সরকারি নির্দেশ মোতাবেক জমা না দিয়ে আত্মগোপনে থাকায় যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। সোমবার মামলার চার্জশিটের ওপর শুনানি শেষে জেলা ও দায়রা জজ মাহমুদা খাতুন এ আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পিপি নূর আলম পান্নু বিষয়টি নিশ্চিত করেছেন।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ২৫ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এক প্রজ্ঞাপনের মাধ্যমে সব অস্ত্রের লাইসেন্স স্থগিত করে। প্রজ্ঞাপনে লাইসেন্সধারীদের ৩ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট থানায় অস্ত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। তবে সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদার তার নামে লাইসেন্স করা পিস্তলটি (নম্বর-৬৯৪৪৬) থানায় জমা দেননি।

তদন্তে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের দিনই শাহীন চাকলাদার ওই পিস্তলসহ আত্মগোপনে চলে যান। সরকারি নির্দেশ অমান্য করে অস্ত্রসহ পালিয়ে যাওয়ায় এবং ওই অস্ত্র অবৈধ কর্মকাণ্ডে ব্যবহারের আশঙ্কা থাকায় কোতোয়ালি থানার এসআই সাইফুল ইসলাম বাদী হয়ে ২০২৫ সালের ২৮ মে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা তদন্ত শেষে শাহীন চাকলাদারকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। পরবর্তীতে মামলাটি জেলা ও দায়রা জজ আদালতে বদলি করা হয়। সোমবার চার্জশিট আমলে নিয়ে পলাতক আসামি শাহীন চাকলাদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন আদালত।

উল্লেখ্য, ৫ আগস্টের পর থেকেই এই প্রভাবশালী আওয়ামী লীগ নেতা পলাতক রয়েছেন এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।