ফুটবলকে রাজনীতিমুক্ত করার আহ্বান স্পিকারের, যশোরে জমকালো ‘গ্রাসরুট ডে’ উদযাপিত
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬, ১১:৫৩
স্টাফ রিপোর্টার :
যশোরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে বাফুফে আয়োজিত ‘এএফসি গ্রাসরুট ডে ও বিশ্ব ফুটবল সপ্তাহ-২০২৬’। শনিবার যশোর সদর উপজেলার শামসুল হুদা ফুটবল একাডেমি মাঠে দিনব্যাপী এই কর্মসূচির আয়োজন করা হয়। তৃণমূল পর্যায়ে ফুটবলের বিকাশ ও ক্ষুদে প্রতিভা অন্বেষণের লক্ষ্যে আয়োজিত এই উৎসবে ৭ থেকে ১৩ বছর বয়সী প্রায় ৮০০ জন ক্ষুদে ফুটবলার অংশ নেয়।
জাতীয় সংসদের স্পিকার ও বীর মুক্তিযোদ্ধা মেজর হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম) প্রধান অতিথি হিসেবে এই উৎসবের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সালো কার্লোস সেসা, পাকিস্তান হাইকমিশনের ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট অ্যাটাচি জাইন আজিজ এবং বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। এছাড়াও যশোরের জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম) দেশের ফুটবলকে রাজনৈতিক প্রভাবমুক্ত করার জোর দাবি জানান। তিনি বলেন, রাজনৈতিক কারণে অতীতে অনেকের অনিচ্ছা সত্ত্বেও বাফুফের দায়িত্ব নিতে হয়েছে। এখন প্রকৃত ক্রীড়াপ্রেমীদের হাতেই খেলাধুলার দায়িত্ব থাকা উচিত। ১৯৭১ সালে যশোর অঞ্চলের রণাঙ্গনে তাঁর যুদ্ধকালীন গৌরবোজ্জ্বল স্মৃতি এবং সহযোদ্ধা শহীদ সেকেন্ড লেফটেন্যান্ট আনোয়ার হোসেনের কথা স্মরণ করে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।
বাফুফে সভাপতি তাবিথ আউয়াল দেশের ক্রীড়া অবকাঠামো উন্নয়নে সরকারের মহাপরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি জানান, আগামী বাজেটে ক্রীড়া খাতের জন্য বিশেষ বরাদ্দ থাকবে। দেশের স্টেডিয়ামগুলোর আধুনিকায়ন, জিমনেসিয়াম, ফিজিও ও ফার্স্ট এইড সেন্টার নির্মাণ করা হবে এবং প্রয়োজনে অনুপযুক্ত স্টেডিয়াম ভেঙে নতুন করে গড়া হবে। স্কুল পর্যায়ে (চতুর্থ শ্রেণী থেকে) খেলাধুলা চালুর সরকারি উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি ফুটবলকে নীতি-নির্ধারণী পর্যায়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
একই সাথে জাতীয় দলের খেলোয়াড়দের শৃঙ্খলা এবং নতুন কোচের চুক্তির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, খেলোয়াড়দের প্রফেশনাল ও ব্যক্তিগত জীবন আলাদা রাখা হবে এবং চুক্তির স্ট্যান্ডার্ড শর্ত অনুযায়ী নতুন কোচের বিষয়গুলো চূড়ান্ত করা হবে।
উল্লেখ্য, বাংলাদেশ ও আর্জেন্টিনার পারস্পরিক সহযোগিতা চুক্তির ধারাবাহিকতায় প্রতিবছর এই গ্রাসরুট ফুটবল ডে আয়োজিত হয়ে আসছে, যা দেশের তৃণমূল ফুটবলের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
আপনার মতামত লিখুন :