গণভোটে পাস হওয়া সংস্কার প্রস্তাব বাস্তবায়নের দাবি জামায়াতের
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৩ মার্চ ২০২৬, ০৬:৩১
নিজস্ব প্রতিবেদক :
আদালতের কাঁধে বন্দুক রেখে তত্ত্ববধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করার কারণেই বিগত ১৬ বছর দেশে ভয়াবহ ফ্যাসিবাদী শাসন ও বিপর্যয় নেমে এসেছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। সোমবার (২ মার্চ) রাতে রাজধানীর মগবাজারস্থ কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই হুঁশিয়ারি দেন।
এহসানুল মাহবুব জুবায়ের বলেন, "বিগত স্বৈরশাসক দেশের সংসদীয় ব্যবস্থা, অর্থনীতি ও গণতন্ত্রকে তছনছ করে দিয়েছিল। আদালতের একটি রায়কে পুঁজি করে তত্ত্ববধায়ক ব্যবস্থা বাতিলের মাধ্যমেই সেই দুঃশাসনের পথ প্রশস্ত করা হয়েছিল। আমরা আর সেই ধরনের ঘটনার পুনরাবৃত্তি দেখতে চাই না।" তিনি আরও বলেন, বর্তমানে 'জুলাই জাতীয় সনদ' ও গণভোটের আইনি ভিত্তি নিয়ে উচ্চ আদালতে যে রিট হয়েছে, তার রায়কে কেন্দ্র করে নতুন কোনো সংকট তৈরি হওয়া উচিত নয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, দীর্ঘ আট মাস ধরে ৩৩টি রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে 'জুলাই জাতীয় সনদ' তৈরি হয়েছে এবং জাতীয় নির্বাচনের দিন অনুষ্ঠিত গণভোটে এটি দুই-তৃতীয়াংশ ভোটে পাস হয়েছে। এই সনদে ৪৮টি মৌলিক সংস্কার প্রস্তাব রয়েছে, যা ভবিষ্যতে বাংলাদেশে ফ্যাসিবাদ ও একনায়কতান্ত্রিক শাসন ঠেকাতে ঢাল হিসেবে কাজ করবে।
জামায়াত নেতা বলেন, "সংসদ নির্বাচনের পর শপথ গ্রহণের সময় আমরা ১১-দলীয় জোটের এমপিরা সংস্কার প্রস্তাব অনুযায়ী দুটি শপথ (গণপরিষদ ও সাধারণ সংসদ সদস্য হিসেবে) নিয়েছি। কিন্তু অত্যন্ত বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলাম, বিএনপির এমপিরা সেই বিশেষ শপথ নেননি।" তিনি প্রশ্ন তোলেন, কেন এই জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সময়ক্ষেপণ বা অনীহা প্রকাশ করা হচ্ছে।
গণভোট অসাংবিধানিক দাবি করে হাইকোর্টে করা রিট প্রসঙ্গে জুবায়ের বলেন, "বিষয়টি যেহেতু জাতীয় এবং রাজনৈতিক, তাই জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্যদেরই এটি সংসদে আলোচনার মাধ্যমে সমাধান করতে দেওয়া উচিত। ১২ মার্চ সংসদের অধিবেশন শুরু হতে যাচ্ছে। এর আগেই আদালতের মাধ্যমে বিষয়টির ফয়সালা করার চেষ্টা সংকট আরও ঘনীভূত করতে পারে।"
সংবাদ সম্মেলনে জানানো হয়, মঙ্গলবার বেলা ১১টায় হাইকোর্টের রায়ের পর জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দ এবং সংসদীয় কমিটি বসে পরবর্তী কর্মসূচি ও কৌশল নির্ধারণ করবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জাহিদুর রহমান।
আপনার মতামত লিখুন :