এসএসসি পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে ছাত্রীকে ছুরিকাঘাত, যুবক আটক
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬, ১৩:৪৪
অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরের অভয়নগরে এসএসসি পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে এক ছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আশিক শেখ (২৬) নামে হামলাকারী যুবককে আটক করেছে পুলিশ। রবিবার (১৭ মে) দুপুরে উপজেলার ধুলগ্রাম-ফুলতলা গোডাউন খেয়াঘাটে এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে। আহত পরীক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আটক আশিক শেখ অভয়নগর উপজেলার শুভরাড়া ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের আজিজুল শেখের ছেলে।
প্রত্যক্ষদর্শী আহত পরীক্ষার্থীর বাবা বলেন, গত দুই বছর ধরে গোপিনাথপুর গ্রামের আজিজুর শেখের ছেলে আশিক শেখ আমার মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করত। ওই ছেলের সঙ্গে বিয়ে দিতে রাজি না হলে সে প্রায় আমার মেয়েকে বিরক্ত করত। ঘটনার দিন রবিবার খুলনার ফুলতলা উপজেলার ফুলতলা রি-ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা শেষে মেয়ে ও মেয়ের মা বাড়ি ফিরছিল। ধুলগ্রাম-ফুলতলা গোডাউন খেয়াঘাটে পৌঁছালে পূর্ব থেকে অপেক্ষায় থাকা আশিক শেখ আমার মেয়েকে হত্যার উদ্দেশ্যে তার গলায় ছুরকাঘাতের চেষ্টা করে। এ সময় প্রাণ বাঁচাতে সে সরে গেলে তার ডান কাঁধে ছুরিকাঘাত করে আশিক পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে এলাকাবাসীর সহযোগিতায় তাকে আটক করে ফুলতলা থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়।
তিনি আরো বলেন, গুরুতর আহত অবস্থায় মেয়েকে নিকটস্ত ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনায় রেফার করা হয়। ন্যায় বিচার পাওয়ার আশায় বিকালে হামলাকরী আশিক শেখের বিরুদ্ধে ফুলতলা থানায় লিখিত অভিযোগ করেছি। আমার মেয়ে সিদ্ধিপাশা পিবি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। সে ২০২৬ সালের একজন এসএসসি পরীক্ষার্থী।
ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. রায়হানা ফেরদৌসী বলেন, এসএসসি পরীক্ষার্থী ছাত্রীর ডান কাঁধে ছুরকাঘাত করা হয়েছে। রোগীর শ^াসকষ্ট বেড়ে যাওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলতলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শরিফুল ইসলাম বলেন, এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাতের ঘটনায় আশিক শেখ নামে এক যুবককে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আপনার মতামত লিখুন :