নিজেস্ব প্রতিনিধি:
যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চুরির সময় শাহিনুর বেগম (৫৫) নামে এক নারীকে আটক করা হয়েছে। আজ রবিবার (২৬ এপ্রিল) সকাল ৯টার দিকে হাসপাতালের গাইনি বহিঃবিভাগের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক শাহিনুর বেগম খুলনা জেলার বটিয়াঘাটা থানার নব জলনা গ্রামের রবিউল শেখের স্ত্রী।
হাসপাতাল সূত্রে জানা যায়, আজ সকালে বাউলিয়া এলাকার ইকবাল হোসেনের স্ত্রী নাসরিন বেগম (৩০) চিকিৎসার জন্য হাসপাতালের গাইনি বহিঃবিভাগের সামনে অবস্থান করছিলেন। এসময় তার ভ্যানিটি ব্যাগ থেকে কৌশলে ১ হাজার ৩২০ টাকা সরিয়ে নেওয়ার চেষ্টা করেন অভিযুক্ত শাহিনুর বেগম। নাসরিন বেগম বিষয়টি টের পেয়ে চিৎকার করলে উপস্থিত লোকজন ও হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাকে ধরে ফেলেন।
আটকের পর ওই নারীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য হাসপাতালের পুলিশ ক্যাম্পে রাখা হয়। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, রোগীদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা সজাগ রয়েছেন এবং এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড রোধে পুলিশের নজরদারি অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :