নিজস্ব প্রতিবেদক:
নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান বলেছেন, বেনাপোলসহ দেশের সব বন্দরকে রাজনৈতিক বলয়মুক্ত করে সুস্থ ও ব্যবসাবান্ধব পরিবেশ ফিরিয়ে আনা হবে। তিনি স্পষ্ট জানিয়েছেন, বন্দর পরিচালনায় কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ বরদাশত করা হবে না; বরং প্রকৃত ব্যবসায়ী ও সংশ্লিষ্ট অংশীজনদের স্বার্থকে প্রাধান্য দিয়েই বন্দরের কার্যক্রম পরিচালিত হবে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) কোনো পূর্বনির্ধারিত কর্মসূচি বা প্রটোকল ছাড়াই হঠাৎ বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে গিয়ে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। পরিদর্শনের সময় তিনি বন্দরের বিভিন্ন শেড ঘুরে দেখেন এবং পণ্য সংরক্ষণ, খালাস কার্যক্রম ও চলমান নানা সমস্যা নিয়ে কর্মকর্তাদের সঙ্গে সরাসরি কথা বলেন।
প্রতিমন্ত্রী উল্লেখ করেন, দেশের অর্থনীতি ও প্রতিবেশী দেশের সঙ্গে আমদানি-রপ্তানি বাণিজ্যে বেনাপোল বন্দরের গুরুত্ব অপরিসীম। তাই কেবল অবকাঠামোগত উন্নয়নই নয়—পণ্য খালাসের গতি বৃদ্ধি, স্বচ্ছতা, জবাবদিহি এবং সেবার মান উন্নত করে ব্যবসায়ীদের হয়রানিমুক্ত সেবা প্রদান নিশ্চিত করা হবে। ব্যবসায়ী, আমদানিকারক ও রপ্তানিকারকদের সঙ্গে কার্যকর সমন্বয় বজায় রেখে বন্দরের বিদ্যমান সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানের নির্দেশ দেন তিনি।
পরিদর্শনকালে বাংলাদেশ স্থলবন্দর চেয়ারম্যান মানজারুল মান্নান, যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মাসুম খানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :