কেশবপুর প্রেসক্লাব দখলের ঘটনায় তীব্র নিন্দা, দখলমুক্ত করতে প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯
কেশবপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের ঐতিহ্যবাহী কেশবপুর প্রেসক্লাব ভবন বেআইনিভাবে দখলের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ক্লাবের নির্বাহী কমিটি ও সাধারণ সদস্যরা। একই সাথে দখলকৃত প্রেসক্লাব ভবন উদ্ধার করতে প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে; অন্যথায় রাজপথে কঠোর আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন স্থানীয় সাংবাদিকরা।
গত সোমবার সন্ধ্যায় শহরের একটি অস্থায়ী কার্যালয়ে আয়োজিত নির্বাহী কমিটি ও সাধারণ সদস্যদের এক যৌথ সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ উজ জামান খান।
যৌথ সভায় বক্তব্য রেখে সংহতি প্রকাশ করেন প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল হাই সিদ্দিকী ও মোল্লা আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ, যুগ্ম সাধারণ সম্পাদক উৎপল দে ও সিদ্দিকুর রহমান, দপ্তর সম্পাদক মশিয়ার রহমান, ক্রীড়া ও সাহিত্য সম্পাদক মাসুম বিল্লাহ, গ্রন্থাগার সম্পাদক মতিয়ার রহমান এবং নির্বাহী সদস্য নুরুল ইসলাম খান, মেহেদি হাসান জাহিদ ও অলিয়ার রহমান।
এছাড়া উপস্থিত থেকে একাত্মতা প্রকাশ করেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য কবি মুহাম্মদ শফি, সাবেক সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তী, সাবেক সহ-সভাপতি রুহুল কুদ্দুস, সদস্য তন্ময় মিত্র বাপি, শাহিনুর রহমান, শেখ শাহীন, আব্দুর রহমান, রুহুল খান, তাইফুর রহমান, আব্দুর রাজ্জাক, এম আব্দুল করিম, কামরুজ্জামান রাজু, আলমগীর হোসেন, বিল্লাল হোসেন এবং জাকির হোসেনসহ আরও অনেকে।
সভায় উপস্থিত সাংবাদিক নেতারা বলেন, ঐতিহ্যবাহী একটি পেশাজীবী সংগঠনের কার্যালয় জোরপূর্বক দখল করা স্বাধীন সাংবাদিকতা ও বাকস্বাধীনতার ওপর সরাসরি আঘাত। তাই অনতিবিলম্বে স্থানীয় প্রশাসনকে হস্তক্ষেপ করে প্রেসক্লাব ভবনটি পেশাদার সাংবাদিকদের কাছে ফিরিয়ে দিতে হবে। নির্ধারিত ৪৮ ঘণ্টার মধ্যে প্রশাসন কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে যশোরের সর্বস্তরের সাংবাদিকদের সাথে নিয়ে রাজপথে আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
আপনার মতামত লিখুন :