নিজস্ব প্রতিনিধি:
যশোর যথাযোগ্য মর্যাদায় ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন যশোর জেলা শাখা। এ উপলক্ষে আজ শুক্রবার সকালে শহরের পুরাতন খুলনা বাসস্ট্যান্ড এলাকায় এক আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি আব্দুল মালেক খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সমাবেশে বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি আবু জাফর। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন
জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস, যশোর সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ইদ্রিস আলী এবং জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শামসুজ্জামান।
এছাড়াও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা জামায়াতের শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আবুল হাশেম রেজা, অফিস সম্পাদক নূর-ই আলী নূর মামুন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সহ-সভাপতি নজরুল ইসলাম হান্নান, সেক্রেটারি নূরুল আমীন, সদর উপজেলা প্রধান উপদেষ্টা আশরাফ আলী এবং শহর জামায়াতের আমির ইসমাইল হোসেন।
সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সময়ে শ্রমিকদের অধিকার চরমভাবে লুণ্ঠিত হচ্ছে। অনেক ক্ষেত্রে শ্রমিকদের দিয়ে অতিরিক্ত সময় কাজ (ওভারটাইম) করিয়ে নেওয়া হলেও ন্যায্য পারিশ্রমিক দেওয়া হয় না। কাজের পরিবেশ ও জীবনের নিরাপত্তা নিয়ে শ্রমিকরা আজ শঙ্কিত।
বক্তারা বলেন, "রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত ইসলামী শ্রম নীতি বাস্তবায়ন ছাড়া শ্রমিকদের প্রকৃত মুক্তি সম্ভব নয়। যদি সেই নীতি অবলম্বন করা যায়, তবেই বাংলাদেশসহ সারা বিশ্বের শ্রমিকদের মুখে হাসি ফুটবে।
বঞ্চিত শ্রমিকদের জাগ্রত হওয়ার আহ্বান জানিয়ে নেতারা বলেন, শুধু আলোচনার মাধ্যমে অধিকার আদায় হবে না। অধিকার নিশ্চিত করতে হলে রাসূল (সা.)-এর শ্রম নীতি অনুসরণের পাশাপাশি শক্তিশালী আন্দোলন গড়ে তুলতে হবে। তারা মে দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সকল শ্রমিককে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ শ্রমিকরা অংশগ্রহণ করেন।
আপনার মতামত লিখুন :