আন্তঃজেলা চোর চক্রের দুই সদস্যকে আটক করেছ ডিবি
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৬:০১
স্টাফ রিপোর্টার :
মণিরামপুরের একটি দোকানের ক্যাশ বাক্স ভেঙে ৪ লাখ ৩০ হাজার টাকা চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের দুই সক্রিয় সদস্যকে আটক করেছে যশোরের ডিবির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সদস্যরা। শুক্রবার ভোররাতে পাইকগাছা উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, পাইকগাছা উপজেলার বিরাশি গ্রামের মৃত আনসার গাজীর ছেলে মমিন গাজী ও ফজলু গাজীর ছেলে রফিক গাজী। আটক মমিন গাজী আদালতে স্বীকারোক্তি জবানবন্দি দিয়েছে।
এ সময় তাদের কাছ থেকে ৫০ হাজার টাকা ও চুরির কাজে ব্যবহৃত একটি পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ ফেব্রুয়ারি বিকেলে মণিরামপুরের রোহিতা বাজারে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান ‘জাহিদ টেলিকম’-এর মালিক জাহিদ হোসেন আছরের নামাজ আদায় করতে যান। তিনি দোকানের ক্যাশ বক্সে নগদ ৪ লাখ ৩০ হাজার টাকা রেখে কলাপসিবল গেট টেনে দেন।নামাজ শেষে ফিরে এসে তিনি দেখতে পান দোকানের গেট খোলা এবং ক্যাশ বক্সেরে তালা ভেঙে সব টাকা চুরি হয়ে গেছে।ঘটনার পর ডিবির সাইবার ক্রাইম ইউনিট তদন্তে নামে। শুক্রবার রাত ৩টা ২০ মিনিটে পাইকগাছায় নিজ বাড়ি থেকে প্রথমে মমিন গাজীকে আটক করা হয়। তার স্বীকারোক্তিতে সোবহান গাজীর বাড়িতে অভিযান চালানো হলে তিনি পালিয়ে যান। পরে তার ঘরের বিছানার চাদরের নিচ থেকে ৫০ হাজার টাকা এবং চুরিতে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়। এরপর সকাল ৬টা ৪০ মিনিটে নোয়াকাটি এলাকা থেকে চক্রের আরেক সদস্য রফিক গাজীকে আটক করা হয়।ডিবির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশনের তদন্ত কর্মকর্তা এসআই দেবব্রত ঘোষ জানান, মমিন গাজীর বিরুদ্ধে ৪টি এবং রফিক গাজীর বিরুদ্ধে ৬টি মামলা রয়েছে। চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। পরে আদালত দুইজনকেই কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ।
আপনার মতামত লিখুন :