• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

নতুন গভর্নর নিয়োগের তোড়জোড়, হঠাৎ অফিস ছাড়লেন আহসান এইচ মনসুর


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৫
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার :
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরকে সরিয়ে দেওয়া হচ্ছে—এমন তথ্য ছড়িয়ে পড়ার পর আজ নাটকীয়ভাবে কেন্দ্রীয় ব্যাংক ত্যাগ করেছেন তিনি। তার এই আকস্মিক প্রস্থানকে কেন্দ্র করে মতিঝিলের কেন্দ্রীয় ব্যাংক কার্যালয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সূত্র জানায়, আজ সকালে প্রতিদিনের মতো নিয়মিত দাপ্তরিক কাজে অংশ নিতে কার্যালয়ে আসেন গভর্নর ড. আহসান এইচ মনসুর। তবে বেলা বাড়ার সাথে সাথে বিভিন্ন গণমাধ্যমে তার অপসারণের খবর ছড়িয়ে পড়ে। এই খবর জানাজানি হওয়ার পর তিনি সহকর্মী বা ঊর্ধ্বতন কোনো কর্মকর্তার সাথে বিস্তারিত কথা না বলেই তাৎক্ষণিকভাবে অফিস ত্যাগ করেন।

চলে যাওয়ার সময় সংবাদকর্মীরা তার পদত্যাগ বা নতুন গভর্নর নিয়োগের বিষয়ে জানতে চাইলে তিনি সরাসরি কোনো উত্তর দেননি। তবে ঢাকা পোস্টকে সংক্ষেপে বলেন, ‘আমি পদত্যাগ করিনি, তবে খবরে শুনেছি।’ এর বাইরে তিনি আর কোনো মন্তব্য করতে রাজি হননি।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ড. আহসান এইচ মনসুরকে সরিয়ে বাংলাদেশ ব্যাংকের শীর্ষ পদে নতুন মুখ আনার প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। নতুন গভর্নর হিসেবে যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোস্তাকুর রহমানের নাম জোরালোভাবে আলোচিত হচ্ছে। তার নিয়োগ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

আলোচিত মোস্তাকুর রহমান কেবল একজন শিক্ষকই নন, তিনি ব্যবসায়িক মহলেও পরিচিত। তিনি বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সদস্য এবং হিরা সোয়েটারের মালিক।

এখন পর্যন্ত সরকারের উচ্চপর্যায় বা বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা প্রজ্ঞাপন জারি করা হয়নি। গভর্নরের ঘনিষ্ঠ মহলের পক্ষ থেকেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে এক ধরনের ধোঁয়াশা ও অস্থিরতা বিরাজ করছে আর্থিক খাতে। পরিস্থিতি স্পষ্ট হতে এখন সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্ট সবাই।