• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

২৭ এপ্রিল যশোরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, উলাশী খাল পুনঃখননসহ নানা কর্মসূচি


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬, ১৬:১১
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার :
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৭ এপ্রিল যশোর সফরে আসছেন। প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটিই তার যশোরে প্রথম আগমন। দিনব্যাপী নানা কর্মসূচিতে অংশ নিয়ে সন্ধ্যায় তিনি ঢাকায় ফিরে যাবেন।

সফরসূচি অনুযায়ী, সকালে বিমানে যশোরে পৌঁছে তিনি সরাসরি শার্শার উলাশী খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করবেন। পরে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের উদ্বোধন, যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন এবং বিকেলে ঈদগাহ ময়দানে জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে।

ঐতিহাসিক উলাশী খালটি ১৯৭৬ সালের ১ নভেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান খনন করেছিলেন। পরবর্তীতে সারাদেশে খাল খনন কর্মসূচি সম্প্রসারণ করা হয়। তবে দীর্ঘদিন অবহেলায় খালটি মৃতপ্রায় হয়ে পড়ায় বর্তমান সরকার এটি পুনঃখননের উদ্যোগ নিয়েছে।

জানা গেছে, প্রধানমন্ত্রী যশোর বিমানবন্দর থেকে শার্শার উলাশী পর্যন্ত বাসযোগে যাতায়াত করবেন এবং শহরের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতেও বাস ব্যবহার করবেন। তার আগমনকে কেন্দ্র করে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট সব দপ্তরে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে।

রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক উন্নয়ন সমন্বয় সভা প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে প্রস্তুতি সভায় রূপ নেয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশেক হাসান। এতে সফরের নিরাপত্তা, যানজট নিরসন, কর্মসূচির স্থান নির্ধারণ, খাল খননের পর বৃক্ষরোপণসহ নানা বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় জানানো হয়, ২২ এপ্রিল থেকে প্রধানমন্ত্রীর নিরাপত্তায় এসএসএফ দায়িত্ব পালন করবে। ইতোমধ্যে যশোর-বেনাপোল সড়কসহ গুরুত্বপূর্ণ সড়কগুলো দখলমুক্ত করতে উদ্যোগ নেওয়া হয়েছে। শহরের ভেতরে প্রধানমন্ত্রীর চলাচলের জন্য বিকল্প দুটি সড়ক প্রস্তুত রাখা হবে।

এছাড়া প্রধানমন্ত্রীর বিশ্রামের জন্য যশোর সার্কিট হাউজ প্রস্তুত রাখা হবে। তার জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাদ্যের ব্যবস্থা, বিদ্যুৎ ও জেনারেটর, সাউন্ড সিস্টেমসহ সবধরনের প্রস্তুতি নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. মাসুদ রানা, যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আবু হাসনাত মো. আহসান হাবীব, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার, পৌর প্রশাসক রফিকুল হাসানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন জানান, আগামী ২৫ এপ্রিলের মধ্যে জনসভাস্থলসহ সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হবে। তিনি আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী যশোরবাসীর জন্য নতুন উন্নয়ন বার্তা ঘোষণা করবেন।