• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

গণভোটের গণরায়সহ ৭ দফা দাবিতে ৩১ অক্টোবর লংমার্চ: যশোরে জামায়াত আমীর অধ্যাপক গোলাম রসুল


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬, ০৬:০৩
ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক :
গণভোটের গণরায় এবং সাত দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আগামী ৩১ অক্টোবর লংমার্চ সফল করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর জেলা আমীর ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল। তিনি জানান, এ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে ৩১ অক্টোবর দুপুর আড়াইটায় যশোর শহরের মুড়লী মোড়ে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হবে।

গত সোমবার বিকেলে যশোর জেলা জামায়াতের কার্যালয় অডিটরিয়মে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির যশোর শহর ও জেলা শাখা আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক গোলাম রসুল বলেন, "ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মুখে ফ্যাসিবাদী শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়। কিন্তু গণঅভ্যুত্থানের ফসল হিসেবে গঠিত বর্তমান সরকার ছাত্র-জনতার মূল দাবি 'জুলাই সনদ' বাস্তবায়ন না করে জনগণের সাথে প্রতারণা করেছে।"

তিনি আরও অভিযোগ করে বলেন, "বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ ইতিপূর্বে গণভোটের পক্ষে মত দিলেও ক্ষমতায় আসার পর সেই গণরায় বাস্তবায়নে কোনো পদক্ষেপ নিচ্ছে না। বর্তমানে দেশের সর্বত্র দলীয়করণ, চাঁদাবাজি, দখলবাজি ও দুর্নীতির মহোৎসব চলছে। ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে।"

কৃষি খাতের সংকট তুলে ধরে তিনি বলেন, সার ব্যবস্থাপনায় চরম বিশৃঙ্খলা তৈরি করা হয়েছে এবং দলীয় লোকদের ডিলারশিপ প্রদান করে কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে। বর্তমান সরকার মূলত বিগত শেখ হাসিনা সরকারের পথেই হাঁটছে বলে দাবি করেন তিনি।

এ সময় উপস্থিত ছাত্র সমাজের উদ্দেশে তিনি বলেন, লংমার্চ সফল করতে ছাত্র-জনতাকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করতে হবে।

ছাত্রশিবির যশোর শহর শাখার সভাপতি উবাইদুল্লাহর সভাপতিত্বে এবং শহর শাখার সেক্রেটারি খালিদ বিন খলিলের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:
  • জামায়াতে ইসলামী যশোর জেলা সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর সিদ্দিকী
  • জেলা সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস
  • মাওলানা রেজাউল করিম
  • অধ্যাপক শামসুজ্জামান
  • জেলা প্রচার সেক্রেটারি অধ্যাপক শাহাবুদ্দীন বিশ্বাস
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রশিবির যশোর জেলা পূর্ব শাখার সভাপতি মিনারুল ইসলাম ও পশ্চিম শাখার সভাপতি ইসমাইল হোসেনসহ জেলা ও শহর শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।