• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে এনসিপি’র ব্যতিক্রমী বিক্ষোভ: মোটরসাইকেল ঠেলে মিছিল


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬, ১৩:০৯
ছবির ক্যাপশন: ad728

নিজস্ব প্রতিবেদক 
জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ৫ টাকা বৃদ্ধির প্রতিবাদে যশোরে ব্যতিক্রমধর্মী প্রতিবাদ কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (১ জুন) বিকেলে সংগঠনটির নেতাকর্মীরা মোটরসাইকেল চালিয়ে নয়, বরং হাত দিয়ে ঠেলে রাজপথে মিছিল বের করার মাধ্যমে এই অভিনব প্রতিবাদ জানান।

বিকেলে শহরের চিত্রার মোড় থেকে এই প্রতিবাদী মিছিলটি শুরু হয়। নেতাকর্মীরা মোটরসাইকেল ঠেলে ঠেলে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করেন। মিছিলটি শহরের গাড়িখানা এলাকায় অবস্থিত একটি তেল পাম্পের সামনে গিয়ে শেষ হয়। সেখানে রাস্তার পাশে মোটরসাইকেলগুলো সারিবদ্ধভাবে রেখে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন এনসিপি’র কেন্দ্রীয় সদস্য খালেদ সাইফুল্লাহ জুয়েল। তিনি সরকারের কঠোর সমালোচনা করে বলেন, "নির্বাচনের মাত্র ১০০ দিনের মধ্যেই আমরা সরকারের বিরুদ্ধে রাজপথে নামতে বাধ্য হয়েছি। জনগণ আশা করেছিল নতুন সরকার তাদের প্রত্যাশা পূরণ করবে, কিন্তু সরকার সেই প্রত্যাশা পূরণে পুরোপুরি ব্যর্থ হয়েছে।"

খালেদ সাইফুল্লাহ জুয়েল আরও উল্লেখ করেন, এর আগে আন্তর্জাতিক পরিস্থিতি ও হরমুজ প্রণালীর সংকটের কথা বিবেচনা করে সাধারণ মানুষ তেলের দাম বৃদ্ধি মেনে নিয়েছিল। কিন্তু বর্তমানে দেশে পর্যাপ্ত জ্বালানি মজুদ থাকার পরও নতুন করে দাম বাড়ানোর কোনো যৌক্তিকতা নেই। তিনি অভিযোগ করেন, সরকার রাষ্ট্রীয় সংস্কারের প্রতিশ্রুতি বাস্তবায়ন না করে একের পর এক গণবিরোধী সিদ্ধান্ত গ্রহণ করছে।

সমাবেশ থেকে অবিলম্বে জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার করে সাধারণ মানুষের নাগালের মধ্যে আনার জোর দাবি জানানো হয়। মিছিলে এনসিপি’র বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মোটরসাইকেল চালকরা অংশ নেন।