যশোরে ইভেন্ট ব্যবসায়ী আদিত্যকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬, ১৫:৫৮
স্টাফ রিপোর্টার :
যশোরের স্বনামধন্য ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ‘ওয়েডিং টাচ’-এর স্বত্বাধিকারী আদিত্য অধিকারীকে ব্যবসায়িক মালামাল লুট ও পরিবারসহ প্রাণনাশের হুমকির প্রতিবাদে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে উদ্ভূত ঘটনা সমাধানের চেষ্টা করায় ব্যবসায়ী নেতাদের প্রতি অকথ্য গালিগালাজ ও অসদাচরণের তীব্র নিন্দা জানানো হয়।
আজ বুধবার (২২ জুলাই) বিকেল ৪টায় প্রেসক্লাব যশোরের সামনে যশোর জেলা সাউন্ড লাইট মালিক কল্যাণ সমিতি, যশোর ইভেন্ট ম্যানেজমেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন এবং যশোর জেলা ডেকোরেটর মালিক কল্যাণ সমিতির যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা জানান, গত ১৬ জুলাই সকালে মাগুরা জজ কোর্ট এলাকার ‘শ্রাবণী ডেকোরেটর’-এর স্বত্বাধিকারী মাসুম বিল্লাহ ফোনে আদিত্য অধিকারীকে মাগুরায় ব্যবসায়িক কাজ করতে নিষেধ করেন। এ সময় তিনি অকথ্য ভাষায় গালিগালাজ করার পাশাপাশি ব্যবসায়িক মালামাল লুট, মাগুরায় প্রবেশে বাধা এবং পরিবারসহ হত্যার হুমকি দেন। পরবর্তীতে এই সংক্রান্ত অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় ব্যবসায়ী মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় আদিত্য অধিকারী যশোর কোতোয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
ব্যবসায়ী নেতাদের অকথ্য গালিগালাজ ও ক্ষোভ
নেতৃবৃন্দ অভিযোগ করেন, এই ন্যক্কারজনক ঘটনার সুরাহার চেষ্টা করা হলে অভিযুক্ত মাসুম বিল্লাহ যশোর জেলা সাউন্ড লাইট মালিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম হোসেন হীরা এবং বাংলাদেশ সাউন্ড লাইট লজিস্টিকস অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি রবিউল ইসলাম গাজীকেও অকথ্য ভাষায় গালিগালাজ ও অপমান করেন।
সমাবেশে ব্যবসায়ী নেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, অভিযুক্ত মাসুম বিল্লাহর বিরুদ্ধে আগেও বিভিন্ন প্রতারণার রেকর্ড রয়েছে। একের পর এক ব্যবসায়ী নেতাদের হুমকি ও গালিগালাজ করলেও প্রশাসন কঠোর না হওয়ায় সে অধরা রয়ে গেছে। অবিলম্বে অভিযুক্তকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানানোর পাশাপাশি তাকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন—যশোর জেলা সাউন্ড লাইট মালিক কল্যাণ সমিতির সভাপতি শ্রী গোলক চন্দ্র দত্ত, সহ-সভাপতি মো. ইদ্রিস আলী, সহ-সভাপতি হারুন অর রশীদ বাচ্চু, সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম হোসেন হীরা; যশোর ইভেন্ট ম্যানেজমেন্ট ওনার্স অ্যাসোসিয়েশনের উপদেষ্টা সুজন কুমার রায়, আহ্বায়ক হারুন-অর-রশিদ, সদস্য সচিব সাজেদুর রহমান অপু, সদস্য সাংবাদিক শিমুল ভূঁইয়া; এবং যশোর জেলা ডেকোরেটর মালিক কল্যাণ সমিতির সভাপতি দেলোয়ার হোসেন ও যুগ্ম সম্পাদক আকবর হোসেনসহ তিনটি সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :