রাজনৈতিক বিরোধের জেরে চৌগাছায় জুয়েল রানাকে পিটিয়ে হত্যা, এলাকায় উত্তেজনা
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬, ১১:১৯
চৌগাছা (যশোর) প্রতিনিধি :
যশোরের চৌগাছা উপজেলায় রাজনৈতিক বিরোধের জেরে জুয়েল রানা (৪০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। নিহত জুয়েল রানা উপজেলার মুক্তদাহ গ্রামের ওদুদ খন্দকারের ছেলে।
স্থানীয় সূত্র ও নিহতের স্বজনদের অভিযোগ, দীর্ঘদিনের রাজনৈতিক বিরোধের জেরে প্রতিপক্ষের সঙ্গে জুয়েল রানার বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় চৌগাছা থানার মুক্তদাহ মোড়ে কথা কাটাকাটির এক পর্যায়ে একই গ্রামের ইউসুফ, কাশেম, বাবুসহ আরও ৫-৬ জন অজ্ঞাতনামা ব্যক্তি তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে বেধড়ক মারধর করলে তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। একপর্যায়ে তার দুই পা হাঁটুর নিচ থেকে ভেঙে যায় বলে অভিযোগ করা হয়েছে।
মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা ও স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য দ্রুত যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার করেন।
পরে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখেন। কিন্তু সকল চেষ্টা ব্যর্থ করে দিয়ে দুপুর ১২টা ২৫ মিনিটে জুয়েল রানা মৃত্যুবরণ করেন। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করলে স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
বর্তমানে নিহতের মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।
এদিকে হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে মুক্তদাহ ও আশপাশের এলাকায় উত্তেজনা বিরাজ করতে থাকে। নিহতের পরিবার এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাটির বিষয়ে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। অভিযোগের সত্যতা যাচাই করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয়দের মতে, প্রকাশ্যে সংঘটিত এ নৃশংস হামলা ও মৃত্যুর ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত দোষীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :