যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ ককটেল উদ্ধার
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৯
অভয়নগর প্রতিনিধি:
যশোরের অভয়নগরে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, চাইনিজ কুড়াল ও ককটেল উদ্ধার করেছে যৌথবাহিনী। উদ্ধার হওয়া জিনিস পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
জানা যায়, আজ বুধবার ভোর ৫ টার দিকে উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের নাউলী গ্রামে সুলতান গাজী (৩৫) নামে এক যুবকের বাড়ির রান্নাঘর থেকে এগুলো উদ্ধার করা হয়েছে। যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক সুলতান গাজী পালিয়ে যায়। তিনি নাউলী গ্রামের গফ্ফার গাজীর ছেলে।
যৌথবাহিনী সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে অভয়নগর আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মাহফুজের নের্তৃত্বে বুধবার ভোর ৫ টার দিকে নাউলী গ্রামে সুলতান গাজীর বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে সুলতান পালিয়ে গেলেও তার বাড়ির রান্নাঘর থেকে লাল কসটেপে মোড়ানো ২টি ককটেল, ২টি রামদা, একটি চাইনিজ কুড়াল, ২টি এসএস পাইপ ও ২টি পাসপোর্ট উদ্ধার করা হয়। সকালে উদ্ধারকৃত অস্ত্র ও পেট্রোল বোমা অভয়নগর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, ‘যৌথবাহিনী কর্তৃক দেশীয় অস্ত্র, চাইনিজ কুড়াল ও ককটেলসদৃশ বস্তু হস্তান্তর করা হয়েছে। কোনো আসামি আটক নেই। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
আপনার মতামত লিখুন :