ইনকিলাব মঞ্চের ওপর হামলা রাষ্ট্রীয় বাহিনীর বর্বরতা: জাতীয় নাগরিক পার্টি
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৬
স্টাফ রিপোর্টার :
শহীদ শরিফ ওসমান হাদি হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে আন্দোলনরত ইনকিলাব মঞ্চের নেতাকর্মী ও সাধারণ ছাত্র-জনতার ওপর পুলিশের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির পক্ষ থেকে এই হামলাকে ‘বর্বর ও ন্যাক্কারজনক’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে দলের দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক বিবৃতিতে এই প্রতিক্রিয়া জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ইনকিলাব মঞ্চের নেতৃত্বে চলা শান্তিপূর্ণ কর্মসূচির ওপর রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে যে হামলা চালানো হয়েছে, তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এনসিপি অভিযোগ করে, এই হামলায় ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের (যিনি গুলিবিদ্ধ বলে জানা গেছে), রাকসুর সাবেক জিএস সালাউদ্দিন আম্মার এবং ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমাসহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন।
বিবৃতিতে আরও বলা হয়, “এই হামলা কেবল আন্দোলনের অধিকারের ওপর হস্তক্ষেপ নয়, বরং এটি একটি ভয়াবহ বার্তা—যেখানে রাষ্ট্র নিজেই ন্যায়বিচারের বিপক্ষে দাঁড়িয়ে যাচ্ছে। বলপ্রয়োগ করে এই আন্দোলন দমনের অপচেষ্টা জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে।”
প্রকাশ্য দিবালোকে সংঘটিত ওসমান হাদি হত্যাকাণ্ডের দুই মাস পার হলেও বিচার প্রক্রিয়ায় কোনো দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় অন্তর্বর্তীকালীন সরকারের তীব্র সমালোচনা করা হয় বিবৃতিতে। এনসিপি মনে করে, এই দীর্ঘসূত্রতা সরকার ও বিচার ব্যবস্থার চরম ব্যর্থতার নগ্ন বহিঃপ্রকাশ। বিচার নিয়ে গড়িমসি করে দেশের মানুষের ন্যায্য দাবিকে পরিকল্পিতভাবে উপেক্ষা করা হচ্ছে বলেও দলটির পক্ষ থেকে দাবি করা হয়।
জাতীয় নাগরিক পার্টি আহতদের দ্রুত আরোগ্য কামনা এবং তাদের পরিবারের প্রতি সংহতি প্রকাশ করেছে। একইসঙ্গে শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের স্বচ্ছ তদন্তের মাধ্যমে অবিলম্বে বিচার নিশ্চিত করা এবং শান্তিপূর্ণ আন্দোলনে হামলাকারীদের চিহ্নিত করে জবাবদিহিতার আওতায় আনার জোর দাবি জানিয়েছে দলটি।
আপনার মতামত লিখুন :