যশোরে সাড়ে ৬ কোটি টাকার হীরা ও মুদ্রাসহ ভারতীয় নাগরিক আটক
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০২ এপ্রিল ২০২৬, ১৫:৩৩
স্টাফ রিপোর্টার,যশোর :
যশোরে বিপুল পরিমাণ হীরা (ডায়মন্ড) ও বৈদেশিক মুদ্রাসহ সুজা উদ্দিন (৫২) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। উদ্ধারকৃত মালামালের বাজারমূল্য ৬ কোটি ৬২ লাখ ৬৫ হাজার ১৬১ টাকা। আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে যশোর সদর উপজেলার নতুনহাট বাজার সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। আজ বিকেল ৫টায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।
আটককৃত সুজাউদ্দিন ভারতের তামিলনাড়ু রাজ্যের আবু বক্করের ছেলে।
সংবাদ সম্মেলনে যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে তারা যশোর সদর উপজেলার যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট বাজারে তল্লাশি পরিচালনা করেন। এসময় বেনাপোলগামী একটি বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়। তল্লাশিকালে তার কাছ থেকে ১৫৫.৭৬ গ্রাম ওজনের হীরা ও বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়। জব্দকৃত হীরাগুলো বিশেষজ্ঞ দ্বারা পরীক্ষা করে সত্যতা নিশ্চিত করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুজাউদ্দিন জানান, তিনি এই হীরা ঢাকা থেকে সংগ্রহ করে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতের কলকাতায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। গত এক মাসে তিনি থাইল্যান্ড, মালয়েশিয়া, বাংলাদেশ ও ভারতে একাধিকবার যাতায়াত করেছেন।
বিজিবি অধিনায়ক আরো জানান, জব্দকৃত হীরার মূল্য ৬ কোটি ৬১ লাখ ৩৯ হাজার ৫১০ টাকা ও বৈদেশিক মুদ্রার মূল্য ৫ হাজার ৫৩০ টাকা। আটককৃত ভারতীয় নাগরিকের বিরুদ্ধে যশোর কোতয়ালী মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এছাড়া জব্দকৃত হীরা ও মুদ্রা যশোরের ট্রেজারিতে জমা দেওয়া হবে বলে জানান তিনি।
সট-১: লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, অধিনায়ক ৪৯ বিজিবি।
আপনার মতামত লিখুন :