কেশবপুরে পশুর হাটে গাড়ি পার্কিংয়ে বাধা দেওয়ায় বিএনপি নেতার ওপর হামলা
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬, ০২:৩৭
নিজস্ব প্রতিবেদক
যশোরের কেশবপুরে কোরবানির পশুর হাটে ট্রাক পার্কিং করাকে কেন্দ্র করে এক বিএনপি নেতার ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে পৌর এলাকার আলতাপোল ছাগলের হাটে এই ঘটনা ঘটে। হামলায় ওবায়দুল হক (৫৪) নামের ওই বিএনপি নেতা গুরুতর আহত হয়ে বর্তমানে কেশবপুর সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত ওবায়দুল হক ৪ নম্বর আলতাপোল ওয়ার্ড পৌর বিএনপির সভাপতি আব্দুল গনি বিশ্বাসের ছেলে এবং ওই হাটের ইজারা সংশ্লিষ্ট দায়িত্ব পালন করছিলেন।
এই হামলার ঘটনায় ভুক্তভোগী ওবায়দুল হক বাদী হয়ে সাবেক এক কাউন্সিলরসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে কেশবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
স্থানীয় সূত্র ও থানায় দায়ের করা অভিযোগ থেকে জানা যায়, সোমবার দুপুরে আলতাপোল কোরবানির ছাগলের হাটে ক্রেতা-বিক্রেতাদের উপচে পড়া ভিড় ছিল। এ সময় গরুর হাটের একটি পশুবাহী ট্রাক জোরপূর্বক ওই ছাগলের হাটের ভেতরে পার্কিং করার চেষ্টা করা হয়। এতে হাটে আসা সাধারণ মানুষের চলাচলে চরম বিঘ্ন ঘটলে হাটের দায়িত্বে থাকা বিএনপি নেতা ওবায়দুল হক বিশ্বাস চালককে সেখানে গাড়ি পার্কিং করতে নিষেধ করেন।
এতে ক্ষিপ্ত হয়ে ৪ নম্বর আলতাপোল ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আফজাল হোসেন বাবু, আমজাদ হোসেন বিশ্বাস ও তরিকুল ইসলামের নেতৃত্বে একদল ব্যক্তি লাঠিসোঁটা নিয়ে ওবায়দুল হকের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে পিটিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় হাটে থাকা সাধারণ মানুষ ও স্থানীয়রা বাধা দিতে গেলে হামলাকারীরা ওবায়দুল হককে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে উপস্থিত জনতা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত কেশবপুর সরকারি হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোছাঃ রেখসোনা খাতুন অভিযোগের সত্যতা নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানান, কোরবানির পশুর হাটে হামলার ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন :