হরমুজ প্রণালির জটিলতা এড়াতে বিকল্প পথে আসছে সৌদির তেল
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৩ এপ্রিল ২০২৬, ০৬:০৯
স্বপ্নভূমি ডেস্ক :
হরমুজ প্রণালিতে সৃষ্ট প্রতিবন্ধকতা এড়াতে বিকল্প পথ বেছে নিয়েছে বাংলাদেশ। জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এবার সৌদি আরবের লোহিত সাগর তীরবর্তী বন্দর থেকে সরাসরি এক লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল (ক্রুড অয়েল) আমদানি করা হচ্ছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস এই তথ্য নিশ্চিত করেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সৌদি আরবের ইয়ানবু কমার্শিয়াল পোর্ট থেকে এই তেলের চালানটি সাগরপথে সরাসরি চট্টগ্রামের রাষ্ট্রায়ত্ত শোধনাগার ইস্টার্ন রিফাইনারিতে আসবে। আগামী ২০ এপ্রিল তেলবাহী ট্যাংকারটিতে লোড শুরু হওয়ার কথা রয়েছে।
বিকল্প পথে এই উদ্যোগ এমন এক সময়ে নেওয়া হলো যখন এক লাখ মেট্রিক টন তেল নিয়ে ‘এমটি নরডিক পলুকস’ নামের একটি জাহাজ হরমুজ প্রণালিতে আটকা পড়ে আছে। জাহাজটি বর্তমানে সৌদি আরবের রাস তানুরা বন্দরে অবস্থান করলেও ইরানের বিশেষ ছাড়পত্র না পাওয়ায় এটি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হতে পারছে না। যদিও ইরান সম্প্রতি বাংলাদেশের ছয়টি জাহাজকে চলাচলের অনুমতি দিয়েছে, তবে সেই তালিকায় এই তেলের জাহাজটি অন্তর্ভুক্ত ছিল না।
বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) জানিয়েছে, ২০ এপ্রিল লোড হতে যাওয়া নতুন চালান এবং আটকে থাকা জাহাজটি মুক্ত হলে মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে মোট দুই লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল চট্টগ্রাম বন্দরে পৌঁছাতে পারে।
এই বিশাল পরিমাণ তেল ইস্টার্ন রিফাইনারিতে পরিশোধনের পর বাজারজাত করা হলে দেশের বর্তমান জ্বালানি সংকট অনেকটাই লাঘব হবে বলে আশা করছে কর্তৃপক্ষ।
আপনার মতামত লিখুন :