• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে আইফার্মারের কৃষি সেবা কেন্দ্রের শুভ উদ্বোধন


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬, ৬:৩৮
ছবির ক্যাপশন: ad728

নিজস্ব প্রতিবেদক :
কৃষকদের দক্ষতা বৃদ্ধি এবং কৃষি খাতে আধুনিক প্রযুক্তিনির্ভর সেবা পৌঁছে দিতে যশোরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘আইফার্মার কৃষি উদ্যোক্তা প্রশিক্ষণ ও সেবা কেন্দ্র’। আজ রোববার (২৬ এপ্রিল) বিকেলে যশোর সদর উপজেলার বারীনগর বাজারের শহর-বানু সুপারমার্কেটে এক অনুষ্ঠানের মাধ্যমে এই উদ্ভাবনী উদ্যোগের শুভ উদ্বোধন করা হয়।

ইতোমধ্যে কেন্দ্রটির প্রথম তিনটি সেশন সফলভাবে চালু করা হয়েছে, যা স্থানীয় কৃষকদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে উন্মুক্ত রাখা হয়েছে। এই কেন্দ্রের বিশেষত্ব হলো—এখানে এক ছাদের নিচেই মিলছে অভিজ্ঞ ভেটেরিনারি ডাক্তার ও কৃষি বিশেষজ্ঞদের সরাসরি পরামর্শ। ফলে গবাদি পশুর চিকিৎসা কিংবা ফসলের সমস্যার সমাধানের জন্য কৃষকদের আর দূর-দূরান্তে ছুটতে হচ্ছে না।

আইফার্মারের ডিরেক্টর ইখতিয়ার সুবহানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর সদর উপজেলার ভেটেরিনারি সার্জন ডা. সৌরভ কুমার ঘোষ। তিনি বলেন, “কৃষক পর্যায়ে সঠিক ভেটেরিনারি সেবা পৌঁছানো গেলে গবাদি পশুর রোগ নিয়ন্ত্রণ সহজ হবে এবং উৎপাদনশীলতা বাড়বে। আইফার্মারের এই উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয়।”


বিশেষ অতিথির বক্তব্যে কৃষি সম্প্রসারণ অফিসার মো. জাহিদুর রহমান বলেন, “আধুনিক কৃষি প্রযুক্তি ও পরামর্শ কৃষকের দোরগোড়ায় পৌঁছে দিতে এ ধরনের কেন্দ্র কার্যকর ভূমিকা রাখবে। এতে কৃষকের উৎপাদন ব্যয় কমবে এবং লাভজনক কৃষি নিশ্চিত হবে।”

আয়োজক সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে গবাদি পশুর রোগব্যাধি এবং ফসলের নানা প্রতিকূলতায় কৃষকরা যে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন, তা কমিয়ে উৎপাদনশীলতা বাড়ানোই এই উদ্যোগের মূল লক্ষ্য। সেবা কেন্দ্রের বিশেষজ্ঞরা মাঠপর্যায়ে কৃষকদের সমস্যা শুনে সরাসরি দিকনির্দেশনা প্রদান করছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইফার্মারের আঞ্চলিক ব্যবস্থাপনা পরিচালক রবিউল ইসলাম, সিনিয়র লাইভস্টক অফিসার ডা. তারিকুল ইসলাম এবং সিনিয়র এগ্রিকালচার অফিসার আন্দনবিল প্রান্ত প্রমুখ।

স্থানীয় কৃষকদের মাঝে ইতোমধ্যে এই সেবা কেন্দ্রকে ঘিরে ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই কার্যক্রম শুধু উৎপাদনই বাড়াবে না, বরং ডিজিটাল কৃষি ব্যবস্থার মাধ্যমে কৃষকদের জীবনমান উন্নয়নে এক নতুন দিগন্ত উন্মোচন করবে।